বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটকে একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতেই এই উদ্যোগ নিয়েছে বিসিবি। রবিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল খানের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ডমেস্টিক থ্রি’র আনুষ্ঠানিক যাত্রা ও লোগো উন্মোচন করা হয়েছে।
‘ডমেস্টিক থ্রি’র মূল বৈশিষ্ট্য হলো, দেশের ঘরোয়া ক্রিকেটের তিনটি ফরম্যাটকে আলাদা আলাদা প্রতিযোগিতা হিসেবে না দেখে একটি সমন্বিত লিগ কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন সংস্করণেই একই লিগ কাঠামোর অধীনে খেলা হবে। ক্রিকেটাররা নিজেদের ফ্র্যঞ্চাইজির হয়ে তিন ফরম্যাটেই খেলতে পারবেন।
এই লিগে অংশ নেবে মোট ছয়টি দল। তিন ফরম্যাটের ক্রিকেটকে একই কাঠামোর আওতায় আনার ফলে ঘরোয়া ক্রিকেটের পুরো মৌসুমকে আরও সুসংগঠিত করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি ক্রিকেটারদের তিন সংস্করণেই নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ দেয়ার লক্ষ্যও থাকছে এই উদ্যোগে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে ২৯ সেপ্টেম্বর হবে ম্যানেজমেন্ট ড্রাফট। যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ৩ কোচ, একজন অ্যানালিষ্ট, ট্রেইনার, ফিজিও নেবে। বরিশাল থেকে টুর্নামেন্ট শুরু হবে। দ্বিতীয় ভেন্যু হিসেবে খুলনাকে বিবেচনা করা হচ্ছে। তবে সেটা যদি না হয় তাহলে ঢাকায় হবে টুর্নামেন্টটি।
এর আগে ২৬ অক্টোবর প্লেয়ার্স অকশন অনুষ্ঠিত হবে। প্রতিটা দল ২৩ জন করে ক্রিকেটার দলে ভেড়াতে পারবেন। এর মধ্যে এনসিএল টি-টোয়েন্টিতে ১৯ ম্যাচ, চার দিনের টুর্নামেন্টে ৭ ম্যাচ ও ওয়ানডেতে হবে ১৬ ম্যাচ। ডমেস্টিক থ্রির পুরো মৌসুম মিলিয়ে ৪২ ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর থেকে বরিশাল শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। জানুয়ারিতে শুরু হবে চার দিনের টুর্নামেন্ট।