খরুচে বোলিংয়ে উইকেটশূন্য রিশাদ, পিন্ডিজের হার
ড্যারিল মিচেল ও স্যামি বিলিংসের ঝড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজিটা পেয়েছিল পিন্ডিজ। তবে ব্যাটিংয়ের মতো বোলিংয়ে জ্বলে উঠতে পারেনি তারা। ডেভিড ওয়ার্নারের সাবধানী ব্যাটিংয়ের সঙ্গে আজম খানের ঝড়ের সামনে খুব বেশি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেননি মোহাম্মদ আমির-রিশাদ হোসেনরা। ওয়ার্নারের হাফ সেঞ্চুরির সঙ্গে আজমের মারকাটারি ব্যাটিংয়ে পিন্ডিজের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে করাচি কিংস। টানা দ্বিতীয় হারের দিনে বল হাতে ভালো করতে পারেননি রিশাদ। প্রথম ২ ওভারে ১২ রান খরচা করা বাংলাদেশি লেগ স্পিনার শেষ দুই ওভারে দিয়েছেন ২৬ রান। সব মিলিয়ে ৪ ওভারে ৩৮ রান দিলেও উইকেটের দেখা পাননি রিশাদ।