পিএসএলে পেশাওয়ারের হয়ে খেলবেন শরিফুল

পিএসএল
শরিফুল ইসলাম
শরিফুল ইসলাম
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের জন্য নিবন্ধন করলেও অবিক্রিত ছিলেন শরিফুল ইসলাম। তবে টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার। ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন শরিফুল। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন ২৪ বছর বয়সি পেসার নিজেই।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে বল হাতে আলো ছড়িয়েছেন শরিফুল। চট্টগ্রাম রয়্যালসের হয়ে শিরোপা জিততে না পারলেও দলকে ফাইনালে তোলার পেছনে যাদের অবদান আছে তাদের অন্যতম একজন বাঁহাতি এই পেসার। গতি, সুইং এবং বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ১২ ইনিংসে ৫.৮৪ ইকনোমি রেটে নিয়েছেন ২৬ উইকেট।

বিপিএলের গত আসরে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। এ ছাড়া বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার মালিকও এখন শরিফুল। এমন পারফরম্যান্সের পরও অবশ্য পিএসএলের নিলামে দল পাননি তিনি। যদিও নিলামের মাসখানেক পেরিয়ে যাওয়ার পর পিএসএলে দল পেলেন ২৪ বছর বয়সি এই পেসার।

শরিফুলের পেশাওয়ারের হয়ে পিএসএলে খেলবেন নাহিদ রানাও। গতিময় ডানহাতি পেসার অবশ্য নিলাম থেকেই দল পেয়েছেন। গত মৌসুমেও পেশাওয়ারের হয়ে খেলেছেন তিনি। যদিও দলের সমন্বয়ের কারণে ম্যাচ পাওয়া হয়নি নাহিদের। তবে পাকিস্তান সিরিজের পারফরম্যান্সে পিএসএলের আগামী মৌসুুমে বল হাতে আলো ছড়াতে দেখা যেতে পারে তাকে।

নাহিদ ও শরিফুল ছাড়াও পিএসএলের আগামী মৌসুমে খেলবেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। নিলামের আগেই ৬ কোটি ৪৪ লাখ রুপিতে সরাসরি চুক্তিতে কাটার মাস্টারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। একই দলের হয়ে খেলবেন পারভেজ ইমন। নিলাম থেকে তাকে নিতে খরচ ৬০ লাখ রুপি। এ ছাড়া ৩ কোটি রুপিতে পিন্ডিজের হয়ে খেলবেন রিশাদ।

আরো পড়ুন: