জাতীয় দলের পাশাপাশি ক্রিকেটাররা যেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনায়াসে খেলতে পারে এজন্য সবসময় স্বাধীনতা দিয়েছে নিউজিল্যান্ড। অবসরের আগে গত কয়েক বছর কেন উইলিয়ামসন সেভাবেই খেলেছেন। সাম্প্রতিক সময়ে সেই সংখ্যাটা ক্রমশই বাড়ছে। তবুও ক্রিকেটারদের পাশে থেকে তাদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা।
নিউজিল্যান্ডের সাদা বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ সদস্য ফিন অ্যালেন, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন, টিম সেইফার্ট। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য তারা সবাই কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন। বর্তমান নিউজিল্যান্ডের সঙ্গে ‘ক্যাজুয়াল’ চুক্তিতে আছেন তারা। এবার তাদের পথেই হাঁটলেন চ্যাপম্যান। তিনিও ক্যাজুয়াল চুক্তি বেছে নিয়েছেন।
ফলে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের মৌসুমের বিগ ব্যাশ খেলতে পারবেন বাঁহাতি এই ব্যাটার। আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে খেলার পর অস্ট্রেলিয়াতে যাবেন তিনি। তবে বিগ ব্যাশে কোন দলের হয়ে খেলবেন সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চুক্তি পরিবর্তন করে পাশে থাকায় দেশটির ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিয়েছেন চ্যাপম্যান।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যারিয়ারজুড়ে এবং বর্তমান সময়েও আমার পাশে থাকার জন্য আমি নিউ জিল্যান্ড ক্রিকেটের প্রতি কৃতজ্ঞ। ভারতের বিপক্ষে সামনের সিরিজটির জন্য আমরা সব ক্রিকেটারই দারুণ রোমাঞ্চিত এবং সেই সিরিজে ভালো খেলার জন্য মনপ্রাণ দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’
বিগ ব্যাশ চলাকালীন টেস্ট সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া সফর করবে নিউজিল্যান্ড। তবে সেই সিরিজে চ্যাপম্যানের থাকার সম্ভাবনা ক্ষীণ। কারণ ২০২৪ সালের পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি বাঁহাতি এই ব্যাটার। পাশাপাশি ২০২৪ সালে ভারতের বিপক্ষে ডাক পেলেও এখনো টেস্ট খেলা হয়নি তার। ফলে বোর্ডের সঙ্গে আলোচনার প্রয়োজন হবে না চ্যাপম্যানের।