জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) ক্রিকেট কমিটির সুপারিশের ভিত্তিতে বোর্ড সভায় এই নিয়োগ অনুমোদন দেয়া হয়। সম্প্রতি হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথমবারের মতো জিম্বাবুয়েকে নেতৃত্ব দেন এনগারাভা। এবার টেস্টের পাশাপাশি ওয়ানডে দলেরও স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন তিনি। টি-টোয়েন্টিতে অভিজ্ঞ অলরাউন্ডার রাজাই নেতৃত্ব চালিয়ে যাবেন।
সহ-অধিনায়কের জায়গাতেও পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। টেস্টে ব্রায়ান বেনেট, ওয়ানডেতে সিকান্দার রাজা এবং টি-টোয়েন্টিতে রিচার্ড এনগারাভা সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন। নারী দলে জোসেফিন এনকোমোর ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি পেসার নোমভেলো সিবান্দা।
জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ সময়ে এই নেতৃত্ব পরিবর্তন এলো। পুরুষ দল সাম্প্রতিক আন্তর্জাতিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায়, আর নারী দল এ বছরই প্রথমবারের মতো আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে। জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গওয়া মুখুহলানি বলেন, অধিনায়ক নির্বাচন করতে গিয়ে বোর্ড নেতৃত্বের গুণাবলি, অভিজ্ঞতা ও ব্যক্তিত্বকে গুরুত্ব দিয়েছে।
তিনি বলেন, 'অধিনায়কত্ব শুধু মাঠে দলকে নেতৃত্ব দেওয়ার বিষয় নয়। এর জন্য সততা, মানসিক দৃঢ়তা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং সতীর্থদের অনুপ্রাণিত করার ক্ষমতা প্রয়োজন।'
তিনি আরও বলেন, 'রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা ও জোসেফিন এনকোমোর ওপর বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে। একই সঙ্গে আমরা বিশ্বাস করি, ব্রায়ান বেনেট, নোমভেলো সিবান্দা এবং জাতীয় দলের অন্যান্য সহ-অধিনায়কেরাও নেতৃত্বের ভূমিকায় নিজেদের আরও পরিণত করে দলকে গুরুত্বপূর্ণ সহায়তা করবেন।'