সাউথ আফ্রিকার জয়ে সিরিজে সমতা, ক্রাইস্টাচার্চে ‘ফাইনাল’

নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকা সিরিজ
হাফ সেঞ্চুরিতে সাউথ আফ্রিকার জয়ের নায়ক কনোর এস্টারহুইজেন
হাফ সেঞ্চুরিতে সাউথ আফ্রিকার জয়ের নায়ক কনোর এস্টারহুইজেন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথম তিন টি-টোয়েন্টিতেই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাউথ আফ্রিকার ব্যাটাররা। চতুর্থ ম্যাচে অবশ্য ব্যাটিং ব্যর্থতা ঘুচল খানিকটা। কনোর এস্টারহুইজেনের হাফ সেঞ্চুরির সঙ্গে বাকিদের ছোট ছোট অবদানে সিরিজ প্রথমবার দেড়শ পার করে সফরকারীরা। রান তাড়ায় একশর আগে পাঁচ উইকেট হারানো নিউজিল্যান্ড থামে ১৪৫ রানে। চতুর্থ টি-টোয়েন্টিতে কিউইদের ১৯ রানে হারিয়ে সিরিজে ২-২ এ সমতায় ফিরল সাউথ আফ্রিকা। ২৫ মার্চ সিরিজের শেষ ম্যাচ হবে ক্রাইস্টচার্চে।

ওয়েলিংটনে জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরুর চেষ্টা করেছিলেন ক্যাটেন ক্লার্ক ও টিম রবিনসন। আক্রমণাত্বক ব্যাটিংয়ে দ্রুত রান তোলার চেষ্টায় ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারান তারা। ৯ রান করে ফেরেন ক্লার্ক ফেরেন উইয়ান মুল্ডারের বলে। পাওয়ার প্লে শেষের আগে আউট হয়েছেন রবিনসনও। ২২ বলে ৩২ রানের ইনিংস খেলে জেরাল্ড কোয়েতজের বলে হারম্যানের হাতে ক্যাচ দিয়েছেন।

ড্যান ক্লিভার ও নিক কেলি মিলে তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন। যদিও তাদের দুজনের জুটি খুব বেশি বড় হয়নি। ১৬ বলে ২৬ রান করা ক্লিভার বোল্ড হয়েছেন প্রেনেলান সুব্রায়েনের বলে। বেভন জ্যাকবস ফিরেছেন দ্রুতই। নিউজিল্যান্ডের রান একশ ছোঁয়ার আগে আউট হয়েছেন জিমি নিশামও। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব নেওয়া নিশাম ৮ বলে ৬ রানের বেশি করতে পারেননি।

একশর আগে পাঁচ উইকেট হারানো নিউজিল্যান্ড শেষের দিকে তেমন কিছু করতে পারেননি। শেষের দিকে কোল ম্যাকনকি ও জশ ক্লার্কসন ১০ রান করেছেন। কাইল জেমিসনের ব্যাট থেকে এসেছে ১৩ রান। কিউইদের ১৪৫ রানে গুঁড়িয়ে দেওয়ার দিনে সাউথ আফ্রিকার হয়ে তিনটি উইকেট নিয়েছেন কোয়েতজে। এ ছাড়া দুইটি করে উইকেট পেয়েছেন ওটিনিয়েল বার্টম্যান, সুব্রায়েন এবং কেশভ মহারাজ।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৪ রান তোলে সাউথ আফ্রিকা। সফরকারীদের হয়ে ৩৬ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন এস্টারহুইজেন। এ ছাড়া রুবিন হারম্যান ২৮, টনি ডি জর্জি ২৩ এবং ডিয়ান ফরেস্টার ও জেসন স্মিথ ১৯ রান করেছেন। নিউজিল্যান্ডের হয়ে দুইটি উইকেট নিয়েছেন জেমিসন। একটি করে উইকেট পেয়েছেন জ্যাক ফকস, বেন সিয়ার্স ও ম্যাকনকি।

আরো পড়ুন: