ছিটকে গেলেন সোধি, ডাক পেলেন ফার্গুসন

নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকা সিরিজ
সতীর্থদের সঙ্গে ইশ সোধি
সতীর্থদের সঙ্গে ইশ সোধি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অনুশীলনের সময় হাতের আঙুলে চোট পেয়ে চার সাপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডের লেগস্পিনার ইশ সোধি। মাউন্ট মঙ্গানুইতে সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে অনুশীলনের সময় বলের আঘাতে সোধির বৃদ্ধাঙ্গুলি ভেঙে যায়। এই চোট থেকে সেড়ে উঠতে চার সাপ্তাহের মত সময় লাগতে পারে বলে জানা গেছে। আর তাতে করে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পুরো সিরিজই মিস করতে যাচ্ছেন এই স্পিনার।

ইশ সোধির বদলি হিসেবে অবশ্য কোনো স্পিনার ডেকে পাঠায়নি নিউজিল্যান্ড। প্রথম ম্যাচেও একাদশের বাইরেই ছিলেন সোধি। সাউথ আফ্রিকার বিপক্ষে সাত উইকেটের বড় হারের সেই ম্যাচে অধিনায়ক মিচেল স্যান্টনারের সাথে স্পিন আক্রমণ সামলেছিলেন কোল ম্যাককঞ্চি। পরের ম্যাচগুলোর জন্যও তাদের ওপর আস্থা রেখে পেস আক্রমণে শক্তি বাড়িয়েছে সবশেষ বিশ্বকাপের ফাইনালিস্টরা। সোধির রিপ্লেসমেন্ট হিসেবে পেসার লকি ফার্গুসনকে ডেকে পাঠিয়েছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার অবশ্য মিস করবেন সোধিকে। অভিজ্ঞ এই লেগ স্পিনারকে হারানো দলের জন্য ক্ষতি জানিয়ে রব বলেন, 'ইশ নিউজিল্যান্ডের হয়ে খেলতে ভীষণ আগ্রহী এবং আমরা জানি বিশ্বকাপ অভিযানের পর ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে সে মুখিয়ে ছিল। টি–টোয়েন্টি ফরম্যাটে তার অভিজ্ঞতা অনেক বেশি, তাই সিরিজের বাকি অংশে তাকে না পাওয়া আমাদের জন্য বড় ক্ষতি হবে।'

ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পরীক্কা নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজের জন্য দুই ভাগে ভাগ করে দল ঘোষণা করা হয়। প্রথম তিন ম্যাচ খেলেই একদল ক্রিকেটার যাবেন ছুটিতে। নিয়মিত অধিনায়ক স্যান্টনারও প্রথম তিন ম্যাচের পর বিশ্রামে যাবেন। বাকি দুই ম্যাচে তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা টম লাথামের নেতৃত্বে ভিন্ন এক দল নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড।

ইশ সোধির বাইরে কেবল কাইল জেমিসন, কোল ম্যাককঞ্চি, জিমি নিশাম, বেন সিয়ার্সের পুরো সিরিজে খেলার কথা ছিল। তৃতীয় ম্যাচের পর থেকে ডেভন কনওয়ে ও সোধির বদলে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের দলে ডাক পাওয়া পেসার ফার্গুসনকে ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লীগের (পিএসএল) জন্য ছুটি দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এ ছাড়াও বিশ্বকাপ স্কোয়াডের ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যানদের পিএসএলকে সামনে রেখে পুরো সিরিজ থেকেই ছুটি দেয়া হয়েছে। তবে পরীক্ষা নিরীক্ষার এই সিরিজের শুরুটা মোটেই ভালো হয়নি কিউইদের। প্রথম ম্যাচে মাত্র ৯১ রানে অলআউট হয়ে সাত উইকেটের বড় ব্যাবধানে ম্যাচ হেরেছে তারা। প্রথম ম্যাচে একাদশের বাইরে থাকলেও বাকি ম্যাচগুলোর পরিকল্পনায় সোধি ভালো মতই ছিলেন, কোচের কথায় তা স্পষ্ট। নতুন পরিকল্পনা নিয়ে তাই মঙ্গলবার হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়নোর মিশনে মাঠে নামবে কিউইরা।

আরো পড়ুন: