চলতি বছরের আইপিএলে হায়দরাবাদের উপ্পাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ শেষে ক্যামেরায় ধরা পড়ে, ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন করেননি কোহলি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
কয়েক মাস পর সেই ঘটনা নিয়ে কোড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে হেড বলেন, ‘আমার মনে হয় না এখানে মিটমাট করার মতো কিছু আছে। যা হওয়ার তাই হয়েছে। প্রতিযোগিতার উত্তাপের মধ্যে এমন ঘটনা অস্বাভাবিক নয়। যা হয়েছে, সেটাই প্রত্যাশিত ছিল।’
ঘটনার পর হেডের স্ত্রী জেসিকা ডেভিস সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের নেতিবাচক মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণের শিকার হন। বিষয়টি পরিবারের জন্যও কঠিন সময় তৈরি করেছিল বলে জানান হেড।
তিনি বলেন, ‘আমি আর জেসিকা এসব বিষয়কে সঠিক দৃষ্টিভঙ্গিতেই দেখি। এটাই আমাদের বাস্তবতা। জেসিকা এসব পরিস্থিতি খুব ভালোভাবে সামলায়। তবে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের ওপরও প্রভাব ফেলেছিল, যারা সাধারণত এমন পরিস্থিতির সঙ্গে পরিচিত নয়।’
স্ত্রীর প্রশংসা করে হেড বলেন, ‘কয়েক দিনের মধ্যেই সবাই এসব ভুলে যায়। জেসিকা পুরো বিষয়টি দারুণভাবে সামলেছে। আসলে অন্যদের প্রতিক্রিয়া ও তাদের দৃষ্টিভঙ্গিই বেশি কঠিন ছিল।’