পাডিকালকে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখছে বেঙ্গালুরু

আইপিএল
বেঙ্গালুরুর জার্সিতে দেবদূত পাডিকাল, আইপিএল
বেঙ্গালুরুর জার্সিতে দেবদূত পাডিকাল, আইপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রজত পাতিদারের নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাফল্য ঈর্ষণীয়। অধিনায়ক হিসেবে ২৮ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ২০টিতেই জিতেছেন তিনি। টানা দুটি আইপিএল শিরোপাও এসেছে তার হাত ধরে। তবু ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই নতুন নেতৃত্ব গড়ে তোলার পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই ভাবনায় সম্ভাব্য ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে উঠে এসেছে দেবদূত পাডিকালের নাম।

এমন ইঙ্গিত দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালক মো বোবাত। আইপিএলের গত আসরে পাডিকাল ১৫ ইনিংসে ৪৬৪ রান করেছেন। তার স্ট্রাইক রেট ছিল ১৬৮.৭২। ওপেনিংয়ে ফিল সল্ট ও বিরাট কোহলি যে আক্রমণাত্মক সূচনা এনে দিতেন, ক্রিজে নেমে সেই গতি ধরে রাখার দায়িত্বও সফলভাবে পালন করেছেন তিনি। এ কারণেই তরুণ এই ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ বোবাত।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বোবাত বলেন, ‘আমরা চেয়েছিলাম, সে যেন আরও ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে পারে এবং ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে। ওপেনিংয়ে সল্ট আর বিরাট যেভাবে দ্রুত রান তুলছিল, আমরা চেয়েছিলাম দেবও ক্রিজে নেমে সেই গতি ধরে রাখুক। তার কৃতিত্ব হলো, সে এই দায়িত্ব পুরোপুরি পালন করেছে। নিঃস্বার্থভাবে ব্যাটিং করেছে এবং দলের প্রয়োজনকে নিজের আগে রেখেছে। এ জন্য দেব অবশ্যই বড় প্রশংসার দাবিদার।’

শুধু ব্যাটিং নয়, পাডিকালের নেতৃত্বগুণও মুগ্ধ করেছে বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্টকে। সেই কারণেই তাকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখছেন বোবাত। তিনি বলেন, ‘মানুষ হিসেবেও সে আমাকে ভীষণ মুগ্ধ করেছে। তার মধ্যে নেতৃত্ব দেওয়ার স্বাভাবিক গুণ আছে। আমার বিশ্বাস, ভবিষ্যতে সে বেঙ্গালুরুর অধিনায়ক হওয়ার সামর্থ্য রাখে।’

এখনও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠিত করতে পারেননি পাডিকাল। তবে ফ্র্যাঞ্চাইজির এমন আস্থা তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিতে পারে। ব্যাটিং কোচ দীনেশ কার্তিকের চোখেও পাডিকালের সবচেয়ে বড় শক্তির একটি হলো তার জন্ম ও বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। স্থানীয় ক্রিকেটার হিসেবে দর্শকদের আবেগ, ভালোবাসা ও সংস্কৃতি বেশ ভালো বোঝেন তিনি।

পাডিকালের প্রশংসা করে কার্তিক বলেন, ‘সে অসাধারণ পারফর্ম করেছে। এই দলের একমাত্র স্থানীয় ক্রিকেটার সে। বেঙ্গালুরুর প্রতিনিধিত্ব করে এবং এই শহরেরই ছেলে। শহরের পরিচয় ও সংস্কৃতি সে নিজের মধ্যে ধারণ করে। এত কম বয়সে ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতা তার আছে, তা সত্যিই অসাধারণ।’

আরো পড়ুন: