যদিও এসব ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে ক্রিকেট নিজের স্বকীয়তা হারাতে হারাতে ফুটবলের মত হয়ে যাচ্ছে বলেই মনে করেন ক্লাসেন নিজেই।ফুটবলে যেন ক্লাবগুলোই বিশ্ব ফুটবলের প্রাণ, ঠিক তেমনি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোও ক্রিকেটে সেই জায়গা করে নিচ্ছে বলে মনে করেন বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা ক্লাসেন। ৩৩ বছর বয়সে নিজের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কারণ হিসেবে ক্লাসেন বদলে যাওয়া ক্রিকেটের বাস্তবতাকেই সামনে আনছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ক্লাসেন বলেন, 'আমি মনে করি ক্রিকেট ধীরে ধীরে ফুটবলের পথেই যেতে চায়। কিন্তু ক্রিকেটের ঐতিহ্যবাহি দলগুলো... বিশেষ করে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং সম্ভবত নিউজিল্যান্ডে এটা কখনোই হতে দেবে না।'
'তারা চাইবে টেস্ট ক্রিকেট টিকে থাকুক। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর মতো শক্তিশালী সংস্থা থাকায়, সারা বিশ্বে শুধু টি-টোয়েন্টি খেলা হবে এবং আন্তর্জাতিক ক্রিকেট বছরে মাত্র দুই মাসে সীমাবদ্ধ থাকবে,এমন সিদ্ধান্ত কখনোই বাস্তবায়িত হবে না।'
আন্তর্জাতিক ক্রিকেটের রূঢ় বাস্তবতায় ক্লাসেনকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য করে বলে দাবি করেন তিনি। নিজের ও পরিবারের ভবিষ্যত আর্থিক নিরাপত্তার কথা ভেবে ক্লাসেনের মতো আরো অনেক ক্রিকেটারই হাঁটছেন এই পথে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে ক্লাসেন বলেন,'কখনও কখনও আন্তর্জাতিক দলে জায়গা পাওয়া কঠিন হয়, বা সেখান থেকে আয়ও ততটা বেশি হয় না। আসলে এটা একটা ব্যবসার মতোই, আর তুমি চাইবে তোমার পরিবার ও নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে। আর এটা করার জন্য তোমার হাতে সময়ও সীমিত। তাই, ক্রিকেটারদের ক্ষেত্রে বিষয়টা অবশ্যই সেদিকেই এগোচ্ছে।'
ফ্রাঞ্চাইজি লিগ ও টি-টোয়েন্টি ক্রিকেটের বাস্তবতা বদলে দিয়েছে পুরো ক্রিকেটের চেহারাকেই। দেড়শ বছর পুরনো টেস্ট ক্রিকেটেও এখন 'বাজবল'-এর মত আক্রমণাত্বক তত্ত্বে খেলছে দলগুলো। পাঁচ দিনের টেস্ট ক্রিকেট যার কারণে বেশিরভাগ সময় শেষ হয়ে যাচ্ছে তিন কিংবা চারদিনেই। তবে এই ক্ষেত্রে নেতিবাচক কিছু দেখেন না ক্লাসেন। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় টি-টোয়েন্টি ক্রিকেটই ক্রিকেটকে প্রাসঙ্গিক রাখবে বলে ধারণা এই প্রোটিয়ার।
টি-টোয়েন্টি ক্রিকেট ও বর্তমান ক্রিকেটের বাস্তবতা প্রসঙ্গে ক্লাসেন বলেন, 'এটাই সম্ভবত সেই ফরম্যাট, যা এখন থেকে সবচেয়ে দীর্ঘ সময় টিকে থাকবে। অন্য ফরম্যাটগুলো হয়তো কিছুটা ধীর হয়ে যাবে বা সীমিত হয়ে পড়বে। ক্রিকেট খেলা সময়ের সাথে বদলাচ্ছে, আর আমার মনে হয় টি-টোয়েন্টি ক্রিকেট অন্য ফরম্যাটগুলোতেও ভিন্নভাবে খেলতে বাধ্য করেছে। তুমি যদি ক্রিকেট খেলাটাকে আরও বিস্তৃত করতে চাও, তাহলে এটা করার জন্য নিঃসন্দেহে এটাই সবচেয়ে কার্যকর ফরম্যাট।'