ফখর জামান ও মোহাম্মদ নাইমের ব্যাটে ভালো শুরু পায় লাহোর। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৮৪ রান। এমনিতে ওপেনার হলেও বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে পারভেজ ইমনের সুযোগ হয়েছে চার নম্বরে। বাঁহাতি ব্যাটার যখন ব্যাটিংয়ে নামেন তখন ফিরে গেছেন নাইম ও আব্দুল্লাহ শফিক। ইমন ক্রিজে যাওয়ার পর আউট হয়েছেন হাফ সেঞ্চুরি করা ফখরও।
১০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে লাহোর। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন পারভেজ ইমন ও হাসিবুল্লাহ খান। দ্রুত রান তুলতে না পারলেও জুটি গড়ে তাৎক্ষণিক চাপ সামলেছেন তারা দুজন। এমনিতে আক্রমণাত্বক ব্যাটিংয়ের অভ্যাস থাকলেও পারভেজ ইমনের শুরুটা ছিল সাবধানী ব্যাটিংয়ে। যদিও শেষ পর্যন্ত আউট হয়েছেন এক ছক্কায় ১৩ বলে ১৪ রান করে।
পারভেজ ইমনের বিদায়ে ভাঙে হাসিবুল্লাহর সঙ্গে ৩০ বলে ৩৭ রানের জুটি। চাপের মুখে এমন জুটি গড়ায় ইমনের প্রশংসা করেছেন সামিন। নিজের সহজাত খেলার বাইরে গিয়ে দলের চিন্তা করায় বাঁহাতি ব্যাটারকে ধন্যবাদও দিয়েছেন লাহোরের কর্ণধার। ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে সামিনকে বলতে শোনা যায়, ‘ইমন কোথায়? অভিষেকটা ভালো হয়েছে।’
‘আমি আগেও বলেছি কতগুলো ছক্কা-চার হাঁকালে কিংবা রান করলে ওইটা আমার কাছে মূখ্য না। ওই সময় তুমি যেভাবে চাপ সামলেছো ওইটা খুবই ভালো ছিল। ওই সময় আমাদের একটা জুটি প্রয়োজন ছিল। তুমি তোমার সহজাত খেলার বাইরে গিয়ে খেলেছো। তুমি তোমার সহজাত খেলাকে নিয়ন্ত্রণ করেছো এবং দলের জন্য খেলেছো। এজন্য তোমাকে ধন্যবাদ।’
পারভেজ ইমনের মতো লাহোরের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমানও। হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে ৪ ওভারে ১৯ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। দলের সবচেয়ে মিতব্যয়ী বোলার ছিলেন বাংলাদেশের মুস্তাফিজ। ২০১৮ সালের পর এবারই প্রথম পিএসএলে খেলছেন তিনি। সেই মৌসুমেও লাহোরের হয়েই খেলেছিলেন ৩০ বছর বয়সি এই পেসার।