তিনি আত্মবিশ্বাস ও ধারাবাহিকতা ধরে রাখার ক্ষেত্রে জোর দিয়েছেন। জানিয়েছেন এমন একটি প্রতিভাবান দলকে নেতৃত্ব দেয়া তার জন্য গর্বের। আসর জুড়ে ইতিবাচক ক্রিকেট উপহার দিতে চায় নাইট রাইডার্স। দলটির ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে ভালো পারফরম্যান্স উপহার দেবে বলেও আশাবাদী তিনি।
রাহানে বলেন, 'এত প্রতিভাবান একটি দলকে নেতৃত্ব দেওয়া আমার জন্য গর্বের। আমাদের স্কোয়াডের সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস এবং ম্যাচ জেতানোর ক্ষমতা। আমরা ভয়হীন ও ইতিবাচক ক্রিকেট খেলতে চাই, নিজেদের প্রস্তুতির ওপর ভরসা রাখতে চাই এবং প্রতিটি ম্যাচে উন্নতি করতে চাই।'
নাইট রাইডার্স অধিনায়ক আরও যোগ করেন, 'কলকাতার সমর্থকদের সমর্থন সত্যিই বিশেষ, এটি শুধু স্টেডিয়ামের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের আরও কঠোর পরিশ্রম করতে, দায়িত্ব নিতে এবং ধারাবাহিকভাবে পারফর্ম করতে অনুপ্রাণিত করে।'
এই অনুষ্ঠানেই দলটির কিংবদন্তি ক্রিকেটার আন্দ্রে রাসেলের ১২ নাম্বার জার্সিকে অবসরে পাঠিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এভাবেই কলকাতার হয়ে তার বিশাল অবদানকে সম্মান জানায় তারা। খেলোয়াড় হিসেবে না থাকলেও আসন্ন মৌসুমে তিনি দলের সঙ্গে থাকছেন ‘পাওয়ার হিটিং কোচ’ হিসেবে থাকছেন দলতিতে।
কোচিং প্যানেল নিয়ে রাহানে যোগ করেন, 'ড্রেসিংরুমে এত অভিজ্ঞ মানুষের সঙ্গে থাকা সত্যিই বিশেষ। আমাদের সাপোর্ট স্টাফের নেতৃত্ব পুরো দলের জন্য বড় একটি সুবিধা। আমার জন্য এটি গর্বের, কারণ প্রয়োজনে পরামর্শ নেয়ার মতো মানুষ থাকা অনেক পার্থক্য গড়ে দেয়। তাদের অনেকের সঙ্গেই আমি খেলেছি, যা এই যাত্রাকে আরও অর্থবহ করে তুলেছে। আমরা সবাই মিলে এই ফ্র্যাঞ্চাইজিকে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই।'