পুরো আইপিএলেই থুশারাকে পাচ্ছে না বেঙ্গালুরু

আইপিএল
বেঙ্গালুরুর জার্সিতে নুয়ান থুশারা
বেঙ্গালুরুর জার্সিতে নুয়ান থুশারা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এবারের আইপিএল শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইয়াশ দয়ালের পর এবার পুরো মৌসুম থেকেই ছিটকে গেলেন শ্রীলঙ্কার পেসার নুয়ান থুশারা। ফলে বেঙ্গালুরুর পেস বোলিং আক্রমণ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।

এবারের আসরে বিদেশি খেলোয়াড়দের অনুপস্থিতি যেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। কেউ ইনজুরিতে, অনেকেই আসরের মাঝ পথে দলের সঙ্গে যোগ দেবেন। আবার অনেকেই পাননি এনওসি। ফলে দলগুলোকে আইপিএল শুরুর আগেই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।

এরই মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন কঠোর ফিটনেস নীতির কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন থুশারা। বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, কোনো টি-টোয়েন্টি লিগে খেলতে হলে খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে।

তাকে গত ডিসেম্বরে আইপিএলের নিলাম থেকে ১ কোটি ৬০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। এনওসির কারণে এবার তার সার্ভিস পাচ্ছে না বেঙ্গালুরু। অন্যদিকে, দুশমান্থ চামিরা, দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিস ইতোমধ্যেই ফিটনেস পরীক্ষায় পাস করে আইপিএলে খেলার জন্য প্রস্তুত।

কেবল কুশল পেরেরা ফিটনেস টেস্ট ছাড়াই পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র পেয়েছেন। কারণ, তিনি বর্তমানে জাতীয় দলের পরিকল্পনায় নেই। এদিকে বেঙ্গালুরু কাগজে-কলমে শক্তিশালী হলেও এখন পেস বোলিং আক্রমনে রয়েছে একাধিক শূন্যতা। হ্যাজেলউড দলে থাকলেও কবে তিনি ম্যাচ ফিট হবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর সঙ্গে পুরো মৌসুমেই দয়ালকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি।

আরো পড়ুন: