নতুন সহ-অধিনায়কের নাম ঘোষণা করলো কলকাতা

আইপিএল
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত আসরের সহ-অধিনায়ক ভেঙ্কাটেশ আইয়ারকে নিলামের আগে ছেড়ে দিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। এবারে নতুন সহ অধিনায়ক হিসেবে রিঙ্কু সিংয়ের নাম ঘোষণা করেছে আইপিএলের তিন বারের চ্যাম্পিয়নরা। ২০১৮ সাল থেকে কলকাতায় খেলা রিঙ্কুকে এবার আন্দ্রে রাসেলহীন মিডল অর্ডার সামলানোর পাশাপাশি সামলাতে হবে অধিনায়ক আজিঙ্কা রাহানের ডেপুটির দায়িত্বও।

এর আগে বড় পর্যায়ে কোথাও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই রিঙ্কুর। তবে গত আট আসর কলকাতার হয়ে খেলে নিয়মিত পারফর্ম করার পর কলকাতার ঘরের ছেলেই বনে গেছেন তিনি। তাই অভিজ্ঞ রাহানের ডেপুটি হিসেবে রিঙ্কুকেই বেছে নিয়েছে ২০২৪ আইপিএলের চ্যাম্পিয়নরা। ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা রিঙ্কু কলকাতার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত কলকাতার প্রধান কোচ অভিষেক নায়ার।

অভিষেক বলেন, 'আমি মনে করি এই সিদ্ধান্তটা খুবই যথাযথ। কারণ কেকেআরে যোগ দেয়ার পর এবং সাপোর্ট স্টাফের অংশ হিসেবে কাজ করার সময় আমার প্রথম স্মৃতিগুলোর একটি ছিল রিঙ্কুর সঙ্গে কাজ করা। বছরের পর বছর ধরে আমরা রিংকুকে শুধু একজন ক্রিকেটার হিসেবেই নয়, একজন নেতা হিসেবেও গড়ে উঠতে দেখেছি।'

গত কয়েকটি আইপিএলে রিঙ্কুর পারফরম্যান্সই তার এই বড় দায়িত্ব পাবার পেছনে অবদান রেখেছে বলে দাবী অভিষেকের। সেই সাথে, দলের মধ্যেও রিঙ্কুর গ্রহণযোগ্যতার কথা উল্লেখ করে তিনি বলেন, 'বিগত কয়েক বছরে তার পারফরম্যান্স নিজেই তার কথা বলে। আর মাঠের বাইরে খুব বেশি কথা না বললেও, সে এমন একজন যার কথা শোনার জন্য দল সবসময় অপেক্ষা করে।'

বড় একটা সময় ধরে লোয়ার মিডল অর্ডারে কলকাতার বড় ভরসা রাসেল অবসরে গেছেন। এই আসরে তিনি কলকাতার সাথে কাজ করবেন 'পাওয়ার কোচ' হিসেবে। রাসেলের অনুপস্থিতিতে মিডল অর্ডার সামলানোর পাশাপাশি সহ-অধিনায়ক হিসেবে আরো বড় পরিসরে রিঙ্কুকে ব্যবহার করতে চায় কলকাতা টিম ম্যানেজমেন্ট। সেই সাথে রাহানের পর রিঙ্কুকেই যেন কলকাতার অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া যায় সেই অভিপ্রায় থেকেই এমন সিদ্ধান্ত বলেও জানান কলকাতার প্রধান কোচ।

অভিষেক আরো বলেন, 'আমরা চেয়েছিলাম পাওয়ার-হিটার রাসেল চলে যাওয়ার পর রিঙ্কুর ওপর একটু বেশি দায়িত্ব দেয়া হোক। আমার মনে হয়, বিশ্বকাপজয়ী হওয়ার পর এখনই তার জন্য সঠিক সময় এই দায়িত্ব নেওয়ার এবং রাহানেকে নেতৃত্বের দায়িত্ব সামলাতে সাহায্য করার।'

২০১৮ সালে আইপিএলে অভিষেকের পর থেকেই কলকাতায় খেলছেন রিঙ্কু। কলকাতার জার্সিতে ৫৯টি ম্যাচ খেলে ১৪৫.১৭ স্ট্রাইক রেটে এক হাজার ৯৯ রান আছে তার ঝুলিতে। ২০২৩ মৌসুমের আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে লোয়ার মিডল অর্ডারে নেমে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে ম্যাচ জেতানোসহ আরো বেশ কয়েকবার কঠিন সব ম্যাচ দলকে জিতিয়েছেন রিঙ্কু।

আরো পড়ুন: