রাজস্থানের চেয়ে বেশি দামে বিক্রি হলো কোহলির বেঙ্গালুরু

আইপিএল
আইপিএলের শিরোপা হাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল, ফাইল ফটো
আইপিএলের শিরোপা হাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রাজস্থান রয়্যালসের পর মালিকানা বদলের তালিকায় যোগ দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (আরসিবি)। ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছে আদিত্য বিরলা গ্রুপ নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। সংবাদমাধ্যম মানিকন্ট্রোল এই খবর প্রকাশ করেছে। দামের দিক থেকেও রাজস্থান রয়্যালসকে টেক্কা দিয়েছে বেঙ্গালুরু। গত বছর প্রথমবার আইপিএল জয়ের পরই মালিকানা বদলের এই বড় সিদ্ধান্ত সামনে এলো।

এই কনসোর্টিয়ামে রয়েছে মার্কিন ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিটজার, বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোন এবং টাইমস গ্রুপ। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত সরকারি ঘোষণা হয়নি, তবে দুই পক্ষের মধ্যে আলোচনা শেষ হয়েছে বলেই দাবি। সব প্রক্রিয়া সম্পন্ন হলেই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৭৮ কোটি ডলারে (ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৬ হাজার ৭০৬ কোটি রুপি) আরসিবির ১০০ শতাংশ মালিকানা বিক্রি হয়েছে।

নতুন মালিকানার অধীনে ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বেও আসছে পরিবর্তন। আরিয়ামান ভিক্রম বিরলা চেয়ারম্যান এবং সাতিয়ান গাজওয়ানি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন। তবে তারা সরাসরি দায়িত্বে আসবেন ২০২৬ সালের আইপিএলের মৌসুমের পর।

এতদিন আরসিবির মালিক ছিল ব্রিটিশ সংস্থা ডিয়াগিও, যারা ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মাধ্যমে দলটির কার্যক্রম পরিচালনা করত। দীর্ঘ সময় পর তাদের হাত ছাড়ল এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি।

আরসিবি কেনার দৌড়ে একাধিক বড় সংস্থা ও বিনিয়োগকারী ছিল। ইকিউটি, মানিপাল গ্রুপের কনসোর্টিয়াম, কেকেআর এন্ড কো এবং টেমাসেকের মতো প্রতিষ্ঠানও আগ্রহ দেখায়। প্রথমদিকে আদর পুনাওয়াল্লাসহ আরও কয়েকজন বিনিয়োগকারী আগ্রহী থাকলেও শেষপর্যন্ত তারা সরে দাঁড়ান। শেষ দিকে লড়াইয়ে নেমে আদিত্য বিরলা গোষ্ঠীর কনসোর্টিয়ামই বাজিমাত করে।

আইপিএলে এর আগের দিনই রাজস্থান রয়্যালস বিক্রির খবর সামনে আসে। মার্কিন ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম প্রায় ১৫ হাজার ২৮৫ কোটি রুপিতে দলটির ১০০ শতাংশ মালিকানা কিনে নেয়।

আরো পড়ুন: