আবারও ধাক্কা খেল কলকাতা, ছিটকে গেলেন আকাশ দীপ

আইপিএল
আকাশ দীপ
আকাশ দীপ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কলকাতা নাইট রাইডার্সের দুশ্চিন্তার যেন শেষ নেই। চোটের কারণে আইপিএল থেকেই ছিটকে গেছেন হার্ষিত রানা। আর এখনও লঙ্কান ক্রিকেট বোর্ডের এনওসি পাননি মাথিশা পাথিরানা। এ ছাড়া মুস্তাফিজুর রহমানকে উগ্রপন্থীদের তোপের মুখে ছেড়ে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি।

এবার তারা আরও একটি বড় ধাক্কা খেয়েছে। আইপিএলের এবারের আসরে খেলতে পারবেন না আকাশ দীপ। ক্রিকবাজ জানিয়েছে এই পেসার পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন। কলকাতা নাইট রাইডার্সের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সেই সূত্র ক্রিকবাজকে বলেছে, 'দুর্ভাগ্যজনকভাবে সে আইপিএল থেকে ছিটকে গেছে, পুরো মৌসুমেই খেলতে পারবে না।' ২৯ বছর বয়সী এই বেঙ্গল পেসারকে গত বছরের আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে ১ কোটি রুপির ভিত্তিমূল্যে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

১৮ মার্চ থেকে কলকাতায় শুরু হওয়া নাইট রাইডার্সের ক্যাম্পে এখনো যোগ দেননি আকাশ। জানা গেছে, তিনি বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। যদিও তার চোটের সঠিক ধরন এখনো পরিষ্কার নয়।

সেন্টার অব এক্সেলেন্সের ম্যানেজারদের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এই বিষয়ে যোগাযোগ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘন ঘন চোটের কারণে আকাশকে নিয়মিত ম্যাচ মিস করতে হয়েছে, সেটা ভারত দলে হোক বা আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে।

২০২২ সালে আইপিএলে অভিষেকের পর চার মৌসুমে তিনি খেলেছেন মাত্র ১৪টি ম্যাচ, নিয়েছেন ১০টি উইকেট। গত আইপিএলে তিনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন, যারা ২০২৫ সালের নিলামে তাকে ৮ কোটি রুপিতে দলে নিয়েছিল।

এক মৌসুম পরই তাকে ছেড়ে দেওয়া হয়। আকাশের অনুপস্থিতিতে নাইট রাইডার্সকে বিকল্প খুঁজে বের করতে হবে দ্রুতই। কারণ আইপিএল শুরুর এক সপ্তাহেরও কম সময় রয়েছে। ২৯ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে কেকেআর।

আরো পড়ুন: