গত ফেব্রুয়ারিতে লাহোরে হওয়া পিএসএল নিলামে নাম দিয়েছিলেন তানজিদ। তবে বাঁহাতি ওপেনারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউ। যদিও টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করে নাহিদ রানার সঙ্গে যৌথভাবে সিরিজসেরা হয়েছেন তানজিদ।
এমন পারফরম্যান্সের পরই বাঁহাতি ওপেনারকে দলে নিয়েছে পেশাওয়ার। দল পেলেও ভিসা জটিলতায় পড়ার শঙ্কা রয়েছে। যদিও তানজিদ নিশ্চিত করেছেন, আগামী দুই-একদিনের মধ্যেই ভিসার সমস্যা সমাধান হবে। যার ফলে পিএসএলে খেলতে বাধা থাকছে না তার। তবে পিএসলের পুরো আসর খেলতে পারবেন না তানজিদ। ১৭ এপ্রিল থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ড সিরিজ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দেশে ফিরতে হবে তাকে। তবে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি পেতে পারেন তিনি। এমন অবস্থায় আবারও ফিরতে পারেন পাকিস্তান। একই চিত্র বাকিদের ক্ষেত্রেও। তানজিদের মতো নাহিদ ও শরিফুলও খেলবেন পেশাওয়ারের জার্সিতে।
শরিফুল কদিন আগে ঠিকানা খুঁজে পেলেও নাহিদ দল পেয়েছেন নিলাম থেকেই। গত মৌসুমেও পেশাওয়ারের হয়ে খেলেছেন তিনি। যদিও দলের সমন্বয়ের কারণে ম্যাচ পাওয়া হয়নি নাহিদের। তবে পাকিস্তান সিরিজের পারফরম্যান্সে পিএসএলের আগামী মৌসুুমে বল হাতে আলো ছড়াতে দেখা যেতে পারে তাকে।
তানজিদ, নাহিদ ও শরিফুল ছাড়াও পিএসএলের আগামী মৌসুমে খেলবেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। নিলামের আগেই ৬ কোটি ৪৪ লাখ রুপিতে সরাসরি চুক্তিতে কাটার মাস্টারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। একই দলের হয়ে খেলবেন পারভেজ ইমন। নিলাম থেকে তাকে নিতে খরচ ৬০ লাখ রুপি। এ ছাড়া ৩ কোটি রুপিতে পিন্ডিজের হয়ে খেলবেন রিশাদ।