কোহলির সেরা একাদশে গেইল-ভিলিয়ার্স, বাদ হ্যাজেলউড

আইপিএল
সতীর্থদের সঙ্গে বিরাট কোহলি, আইপিএল
সতীর্থদের সঙ্গে বিরাট কোহলি, আইপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার বিরাট কোহলি। আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। এই টুর্নামেন্ট শুরুর আগে বেঙ্গালুরুর সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন কোহলি। সেখানে দুইবারের আইপিএল জয়ী জশ হ্যাজেলউডের জায়গা হয়নি।

যদিও কোহলির একাদশে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার আরেক পেসার মিচেল স্টার্ক। ৩৭ বছর বয়সী এই ব্যাটার নিজের একাদশে ছয়জন ব্যাটার, দুইজন মূল পেসার, একজন অলরাউন্ডার ও একজন স্পিনার নিয়ে দল সাজিয়েছেন। চারজন বিদেশি ক্রিকেটার বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি প্রথমেই বেছে নেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, মিচেল স্টার্ক এবং ডেল স্টেইনকে।

গত কয়েক আসর ধরেই বেঙ্গালুরুর ঘরের ছেলে হয়ে উঠেছেন হ্যাজেলউড। আইপিএলের গত আসরে দলটির শিরোপাতেও বড় অবদান ছিল এই অজি পেসারের। তিনি গত আসরে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন। তাকে বাদ দিয়েই নিজের একাদশ সাজিয়েছেন কোহলি।

বেঙ্গালুরুর প্রকাশিত এক ভিডিওতে কোহলি বলেন, 'আমি বলব গেইল আর আমি ওপেন করব, তিন নম্বরে এবি। আগে চারজন বিদেশির কথা বলি। এবি, ক্রিস এবং মিচেল স্টার্ক, কারণ সে আমাদের হয়ে খেলেছে। চতুর্থ বিদেশি হিসেবে আমি মনে করি ডেল স্টেইনকে নেব, কারণ আমি চাই এই একাদশে বোলিং আরও শক্তিশালী হোক। তাহলে দুইজন পেসার থাকবে, আর থাকবে ক্রিস, আমি আর এবি।'

দলের বাকি জায়গাগুলো পূরণ করতে কোহলি বেছে নেন লোকেশ রাহুল, রজত পাতিদার, দীনেশ কার্তিক, হার্শাল প্যাটেল, অনীল কুম্বলে এবং যুবেন্দ্র চাহালকে। পাঁচ নম্বরে তিনি রাখেন রজত পাতিদারকে, যিনি স্পিন খুব ভালো খেলেন এবং ভারতীয়দের মধ্যে অন্যতম সেরা প্রতিভা বলে মন্তব্য করেন কোহলি। ছয় নম্বরে তিনি রাখেন দিনেশ কার্তিককে।

এ প্রসঙ্গে কোহলি যোগ করেন, 'চার নম্বরে আমি লোকেশকে রাখব। আমাদের হয়ে চার নম্বরে ব্যাট করে সে দারুণ একটা মৌসুম কাটিয়েছিল। পাঁচ নম্বরে আমি রজত পাতিদারকে দেব, কারণ সে স্পিন খুব ভালো খেলে এবং আমাদের পাওয়া সেরা ভারতীয় প্রতিভাদের একজন। ছয় নম্বরে অবশ্যই দিনেশ কার্তিক থাকবে, আর যুজি এগারো নম্বরে থাকবে তার ব্যাটিং সামর্থ্যের জন্য।'

বোলিং বিভাগে আট নম্বরে রাখেন কুম্বলেকে। হার্শাল প্যাটেলকে তিনি তৃতীয় পেসার হিসেবে দলে নেন, কারণ বিভিন্ন সময়ে বল করার পাশাপাশি তার কিছু ব্যাটিং সামর্থ্যও আছে। বোলিং আক্রমণ নিয়ে কোহলি বলেন, 'এখন সাত আর আট নম্বর বাকি, তাই না? আট নম্বরে অনীল ভাই, দারুণ এক একাদশ হবে এটা। ঠিক আছে, হার্শাল প্যাটেলকে নেব। তার কিছু ব্যাটিং সামর্থ্যও আছে এবং সে তৃতীয় পেসার হিসেবে দারুণ মানিয়ে যায়, কারণ ইনিংসের বিভিন্ন সময়ে সে বল করতে পারে।'

কোহলির পছন্দের বেঙ্গালুরুর সেরা একাদশ-

ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, লোকেশ রাহুল, রজত পাতিদার, দীনেশ কার্তিক, হার্শাল প্যাটেল, অনীল কুম্বলে, মিচেল স্টার্ক, ডেল স্টেইন, যুবেন্দ্র চাহাল।

আরো পড়ুন: