গত বছর ফারুক আহমেদকে সরিয়ে বুলবুলকে বিসিবি সভাপতির দায়িত্ব দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরবর্তীতে গত অক্টোবরে নির্বাচনের মাধ্যমে আবারও বিসিবির সভাপতির দায়িত্ব পান তিনি। তবে সেই সময় সরকারের হস্তক্ষেপের পাশাপাশি নির্বাচনে কারসাজি হয়েছে, এমন অভিযোগ তুলেছিলেন তামিমসহ অনেকে। যদিও সেই কথা কানে নেয়নি কেউই।
পরবর্তীতে দেশের সরকার পরিবর্তন হলে এনএসসিতে অভিযোগ জানান তামিমরা। এমন অবস্থায় তদন্ত করে নির্বাচনে সরকারী হস্তক্ষেপ ও কারসাজির প্রমাণ পায় এনএসসি। সেটার প্রেক্ষিতে বুলবুলকে সরিয়ে তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দেয় তারা। কিছুদিন আগে হওয়া নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম।
অ্যাডহক কমিটির সভাপতি থাকাকালীনই তামিম নিশ্চিত করেছিলেন, আইসিসি ও এসিসিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকবেন তিনি। যদিও গত কয়েক মাসে আইসিসির বোর্ড পরিচালকের তালিকায় ছিল না তামিমের নাম। তখন গুঞ্জন উঠে তামিমের বোর্ডকে স্বীকৃতি দেবে আইসিসি। এমনকি কয়েক দিন আগে গুজব ছড়ায় তামিমকে নাকি আইসিসি সভায় ঢুকতে দেওয়া হয়নি।
যদিও স্কটল্যান্ডের এডিনবার্গে হওয়া আইসিসি সভায় যোগ দিয়েছেন তামিম। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন বিসিবি সভাপতি তামিম নিজেই। পাশাপাশি আইসিসির ওয়েবসাইটে আইসিসির প্রতিনিধি হিসেবে যুক্ত করা হয়েছে তামিমের নাম। জানা গেছে, আইসিসি বোর্ড সভায় যোগ দিয়ে সেখানে কথা বলারও সুযোগ পেয়েছিলেন তিনি।