বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে যায়নি? তদন্ত কমিটি গঠন করবে এনএসসি

বাংলাদেশ ক্রিকেট
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিরাপত্তার ঝুঁকি থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুরোধ করলেও রাজি হয়নি আইসিসি। শুধু নিরাপত্তা শঙ্কা ছিল নাকি কারও ‘ব্যক্তিগত উদ্দেশ্য’ হাসিলের জন্য বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়নি, বিষয়টি তদন্ত করে দেখবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আমিনুল হক নিশ্চিত করেছেন, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।

আইপিএলের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে ভারতের রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনদের একাংশের তোপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের পেসারকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। যা নিয়েই পরবর্তী যত সংকট তৈরি হয়। মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারলেও পুরো বাংলাদেশ ক্রিকেট দল, সমর্থক ও সাংবাদিকদের কীভাবে নিরাপত্তা দেবে ভারত? এমন প্রশ্ন তোলে বাংলাদেশ।

তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশে নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করে বিসিবি। চিঠি চালাচালির পাশাপাশি কয়েক দফা বৈঠক হলেও বাংলাদেশের অনুরোধ রাখেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বোর্ড সভায় ভোটাভুটিতে বাংলাদেশ হেরে যাওয়ার পর আইসিসি বিবৃতি দিয়ে জানায়, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে। অনুরোধ মেনে না নেওয়ায় ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশও।

আমিনুলের ধারণা, কূটনীতির অভাবে বিশ্বকাপ খেলতে যেতে পারেননি লিটন দাস, তাসকিন আহমেদরা। কিন্তু কেন এমন ঘটনা ঘটেছে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে আমিনুল বলেন, ‘আমরা কিছুদিন আগে দেখেছি বিশ্বকাপ ক্রিকেট হয়েছে কিন্তু আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই বিশ্বকাপটি খেলতে যেতে পারিনি।’

‘কিন্তু এটা এটি হয়েছে সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে এবং আশা করি এই বিষয় নিয়ে আমি একটা তদন্ত কমিটি গঠন করব। পরবর্তীতে আমরা কেন বিশ্বকাপ খেলতে গেলাম না, আমাদের কোথায় সমস্যা ছিল বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল সেগুলো তদন্ত কমিটির মাধ্যমে প্রতিবেদন আকারে ক্রিকেট বোর্ড এবং যারা এটার সাথে জড়িত ছিল তাদের কাছে আমি অবশ্যই চাইব।’

বিশ্বকাপ চলাকালীন অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজন করে বিসিবি। তবে নিয়মিত ঘরোয়া ক্রিকেট চালাতে পারছে না আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। ক্লাব সংগঠকরা ক্রিকেট বর্জন করায় তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ, ঢাকা প্রিমিয়ার লিগসহ (ডিপিএল) মেয়েদের ঘরোয়া টুর্নামেন্টও আয়োজন করতে পারছে না তারা। এমন অবস্থায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্যার সমাধান চেয়েছেন মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন কোয়াব।

এ প্রসঙ্গে আমিনুল বলেন, ‘ইতোমধ্যে কোয়াবের মিঠুনের নেতৃত্বে ওদের একটা দল আমার কাছে এসেছিল। আমি কথা বলেছি, ওদের সবগুলো কথা শুনেছি এবং আশ্বস্ত করেছি যেহেতু আমাদের রমজান মাস চলমান, ঈদের পর আমরা কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না এই বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে ইনশাআল্লাহ পদক্ষেপ নেব।’

আরো পড়ুন: