দুই দলের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৯ অক্টোবর। ম্যাচগুলো হবে ডারবান, গেবেখা ও কেপ টাউনে। ২০১৮ সালের বিতর্কিত বল টেম্পারিংয়ের ঘটনাটিও ঘটেছিল কেপ টাউনের নিউল্যান্ডসে।
সেই ঘটনার পর তৎকালীন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফটকে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল। অস্ট্রেলিয়া দলের আচরণ ও সংস্কৃতি নিয়েও হয়েছিল ব্যাপক পর্যালোচনা। সেই স্মৃতি এবার সিরিজে বাড়তি উত্তেজনা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।
মার্করাম অবশ্য অস্ট্রেলিয়া দলকে দর্শকদের কাছ থেকে ইতিবাচক অভ্যর্থনা পাওয়ার আশা করছেন। তিনি বলেন, 'বিষয়টি কেমন হবে, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। স্পষ্টতই ২০১৮ সাল অনেক আগের কথা; তবে এমন অনেক দর্শক নিশ্চয়ই আছেন, যারা সেই ঘটনা এখনও ভুলে যাননি।'
তিনি আরও বলেন, 'আবার এমন অনেকেই আছেন, যারা সেই ঘটনাকে পেছনে ফেলে এসেছেন এবং বুঝতে পারছেন যে, পরিস্থিতি এখন অনেক বদলে গেছে। আমরা অবশ্যই অসম্মানজনক কোনো কিছুকে উৎসাহিত করছি না। তবে আশা করি, দর্শকরা ম্যাচ উপভোগ করবেন এবং ভালো ক্রিকেট দেখবেন।'
গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল সাউথ আফ্রিকা। পাশাপাশি বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগের বিস্তারের কারণে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মাঠের বাইরে বন্ধুত্বও তৈরি হয়েছে। মার্করাম মনে করেন, এসব সম্পর্ক মাঠের লড়াইয়ে কোনো প্রভাব ফেলবে না।
'গত আইপিএলে মিচের সঙ্গে এবং বিভিন্ন সময়ে অন্যান্য অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সঙ্গেও আমি বেশ কিছুটা সময় কাটিয়েছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসলে এমনই এক পরিবেশ তৈরি করে। তবে আমার মনে হয়, যখন সবাই মাঠের ভেতরে প্রবেশ করেন, তখন এসবের কথা আর মাথায় থাকে না। তখন লড়াইটা হয়ে দাঁড়ায় দুটি দলের মধ্যে, যারা ফল নিজেদের পক্ষে আনতে এবং ম্যাচ জিততে সর্বাত্মক চেষ্টা চালায়।'