গম্ভীরের মতে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে কোনো ক্রিকেটারকে অপ্রস্তুত অবস্থায় নেয়া উচিত নয়। সাউথ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে হার্দিক ও জাসপ্রিত বুমরাহকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
জিওহটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘হার্দিক হোক কিংবা জাসপ্রিত বুমরাহ, সাউথ আফ্রিকায় তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। খুব বেশি দলের এমন খেলোয়াড় নেই, যে ১০ ওভার বোলিং করতে পারে এবং ছয় বা সাত নম্বরে ব্যাটিং করে এতটা প্রভাব ফেলতে পারে।’
সর্বশেষ আইপিএলের পর থেকে আর ক্রিকেট খেলেননি হার্দিক। এমনকি আইপিএলেও তিনি চারটি ম্যাচে খেলতে পারেননি। ফলে ওয়ানডে ক্রিকেটে ফেরার আগে তাকে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দেওয়ার ওপর জোর দিচ্ছেন গম্ভীর।
এ প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘বিশেষ করে হার্দিকের জন্য ম্যাচ খেলার সময়টা গুরুত্বপূর্ণ। আইপিএলের পর সে খুব বেশি ক্রিকেট খেলেনি। টি-টোয়েন্টি খেলে এরপর ওয়ানডেতে গেলে সেটি তার জন্য ভালো হতে পারে। বিশ্বকাপের আগে ম্যাচ খেলার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ভারতের এই কোচ আরও বলেন, ‘বিশ্বকাপে আপনি অপ্রস্তুত অবস্থায় যেতে পারবেন না। পর্যাপ্ত ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার ছন্দও যথেষ্ট ভালো হতে হবে। বিশ্বকাপে কোনো যদি বা কিন্তু নেই। ভুল করার সুযোগও নেই।’
হার্দিকের বোলিং নিয়ে সতর্ক ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বর্তমানে হার্দিক ১০ ওভার বোলিং করার অবস্থাতে নেই বলেও নিশ্চিত করেছেন তিনি। অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে সিরিজে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। এই সিরিজই হার্দিকের জাতীয় দলে ফেরার প্রথম ধাপ হতে যাচ্ছে।