ওয়েলিংটনে ১৯ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট, ক্রাইস্টচার্চে দ্বিতীয়টি ২৭ নভেম্বর। নিউজিল্যান্ডের পর ২০২৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত।
জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে প্রসিধ জানিয়েছেন, ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়াই পেসার হিসেবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, 'যেকোনো কন্ডিশনে মানিয়ে নিয়ে পারফর্ম করার সামর্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেখানে খেলবেন, সেখানেই নিজের সবটুকু দিয়ে বল করতে হবে। বোলিংয়েও জুটি গড়ে ওঠে। সতীর্থকে বুঝে দলের প্রয়োজন অনুযায়ী পারফর্ম করতে হয়।'
নিউজিল্যান্ডে পেসারদের জন্য চ্যালেঞ্জটা আরও কঠিন হবে বলে মনে করছেন প্রসিধ। সেখানে দীর্ঘ স্পেল করার পাশাপাশি প্রতিটি সেশনে একই মান ধরে রাখার ওপর জোর দিচ্ছেন তিনি। প্রসিধ বলেন, 'নিউজিল্যান্ড সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ। সেখানে দক্ষতা, ধৈর্য এবং বারবার ফিরে এসে বল করার সামর্থ্যের পরীক্ষা হবে। আপাতত মৌলিক বিষয়গুলো ঠিক রাখছি। সেখানে গিয়ে কন্ডিশন বুঝে মানিয়ে নেব।'
নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজও রয়েছে। দীর্ঘ সিরিজ সামলানোর অভিজ্ঞতা এরই মধ্যে হয়েছে প্রসিধের। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলেছেন তিনি। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চান।
এ প্রসঙ্গে প্রসিধ বলেন, 'আমি দুবার পাঁচ টেস্টের সিরিজ খেলেছি—একবার অস্ট্রেলিয়ায়, আরেকবার ইংল্যান্ডে। সেখান থেকে অনেক কিছু শিখেছি। পাঁচ ম্যাচজুড়ে ছন্দ ধরে রাখা এবং প্রায় ২৫ দিন ক্রিকেটের মধ্যে থাকার চ্যালেঞ্জ আলাদা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিক থেকেও সিরিজটি গুরুত্বপূর্ণ।'