কোহলির সাথে মাঠের সেই দ্বন্দ্ব নিয়ে যা বললেন কনস্টাস

বোর্ডার-গাভাস্কার ট্রফি
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারত সফরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছেন স্যাম কনস্টাস। তবে ভারত ‘এ’-র বিপক্ষে চলমান প্রথম চার দিনের ম্যাচে ব্যাট হাতে খুব বেশি কিছু করতে পারেননি তিনি। পুদুচেরিতে প্রথম ইনিংসে ২৫ রান করে ফিরেছেন এই অস্ট্রেলিয়ান ওপেনার। তার দলও গুটিয়ে গেছে মাত্র ১৭১ রানে।

এর মধ্যেই আলোচনায় এসেছে কনস্টাসের সেই আলোচিত টেস্ট অভিষেক। ২০২৪-২৫ বর্ডার-গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টে মাত্র ১৯ বছর বয়সে ভারতের বিপক্ষে অভিষেক হয় তার। প্রথম ম্যাচেই জসপ্রিত বুমরাহকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপে ফেলে ৬৫ বলে ৬০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ইনিংসে বুমরাহকে রিভার্স র‍্যাম্পে ছক্কাও মেরেছিলেন কনস্টাস।

সেই ছক্কার মুহূর্ত নিয়ে এবার মুখ খুলেছেন ২০ বছর বয়সী কনস্টাস। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তখন বুমরাহর বিপক্ষে খেলাটার গুরুত্ব বা রেকর্ডের কথা মাথায় ছিল না, বরং মুহূর্তটি উপভোগ করছিলেন। কনস্টাস বলেন, 'আমি মনে করতে পারছি না। তবে অনেক মজা করছিলাম। মুহূর্তটা বেশ অবাস্তব ছিল এবং তখন অনেক কিছুই ঘটেছিল। বুমরাহ বিশ্বের সেরা বোলার, তাই অবশ্যই তার বিপক্ষে খেলাটা খুব চ্যালেঞ্জিং ছিল।'

অভিষেক ম্যাচে শুধু বুমরাহকে আক্রমণ করেই আলোচনায় আসেননি কনস্টাস। বিরাট কোহলির সঙ্গেও মাঠে কাঁধে কাঁধ লাগার ঘটনা ঘটেছিল তার। প্রথম সেশনে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, যা ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা হয়ে ওঠে। তবে এতদিন পরও সেই ঘটনা নিয়ে কোনো তিক্ততা নেই বলে জানিয়েছেন কনস্টাস।

কোহলির সঙ্গে সেই ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। কনস্টাস বলেন, 'সে শুধু আমার সঙ্গে কাঁধে ধাক্কা দিয়েছিল, এরপর আমরা নিজেদের খেলায় ফিরে যাই। এটা খেলারই অংশ। ম্যাচের পর সে আমাকে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছিল।'

এখন কনস্টাসের লক্ষ্য অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফর কাজে লাগিয়ে আবার জাতীয় দলে ফেরার দাবিটা জোরালো করা। চলমান চার দিনের ম্যাচের পর ২৯ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলবে দুই দল। এরপর পুদুচেরিতেই হবে তিনটি এক দিনের ম্যাচ। কনস্টাস আছেন দুই সংস্করণের দলেই।

সাম্প্রতিক ম্যাচে ২৫ রান করলেও নিজের ফর্ম নিয়ে আত্মবিশ্বাসী কনস্টাস। বর্তমান ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে তার জবাবও ছিল বেশ আত্মবিশ্বাসী। কনস্টাস বলেন, 'আমি খুব ভালো ফর্মে আছি, মোটামুটি তাদের পিটিয়েই চলেছি।'এখন ভারত সফরের বাকি ম্যাচগুলোতে সেই আত্মবিশ্বাস ব্যাট হাতে কতটা কাজে লাগাতে পারেন, সেটিই দেখার।

আরো পড়ুন: