গত সপ্তাহে ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচে ডলফিনসের বিপক্ষে টাইটান্সের হয়ে খেলতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান এনগিডি। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্ক্যানে চোট ধরা পড়ে। তার জায়গায় দলে নেওয়া হয়েছে ২০ বছর বয়সী পেসার এনকোবানি মোকোয়েনাকে, যার সম্প্রতি নামিবিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে।
এনগিডির চোটে প্রোটিয়াদের পেস আক্রমণে চাপ আরও বাড়ল। এর আগে হ্যামস্ট্রিং সমস্যায় অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে যান রাবাদা। এরপর একই ধরনের চোটে বাদ পড়েন বার্টম্যান। বার্টম্যানের জায়গায় দলে ঢুকেছিলেন ডুয়ান ইয়ানসেন।
এনগিডি চোট পাওয়ার আগে ডলফিনসের বিপক্ষে ম্যাচটির দুই ইনিংসে যথাক্রমে ৮ ও ৮.৩ ওভার বোলিং করেছিলেন। ম্যাচে বেশ কিছু সময় মাঠের বাইরেও ছিলেন তিনি। পরে মাঠে ফিরলেও স্ক্যানের পর নিশ্চিত হয়, পুনর্বাসনের জন্য তাকে কিছুটা সময় মাঠের বাইরে থাকতে হবে।
এনগিডির জায়গায় আসা মোকোয়েনা অবশ্য এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন। নামিবিয়া সফরে ওয়ানডে অভিষেক করা এই তরুণ এরপর ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচে ওয়েস্টার্ন প্রভিন্সের বিপক্ষে খেলছিলেন। প্রথম দিন ১৯ ওভার বোলিং করে ৭৮ রানে এক উইকেট নেওয়ার পর তাকে সেই ম্যাচ থেকে তুলে নেওয়া হয়েছে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে এখন সাউথ আফ্রিকার পেস আক্রমণের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব মার্কো ইয়ানসেনের ওপর। তার সঙ্গে আছেন যমজ ভাই ডুয়ান, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি ও কওয়েনা মাফাকা। বিশ্বকাপের এক বছর আগে গুরুত্বপূর্ণ এই সিরিজে তাই নতুন সমন্বয় নিয়েই নামতে হচ্ছে প্রোটিয়াদের। সিরিজটি শুরু ২৪ সেপ্টেম্বর ডারবানে।
তবে এনগিডির চোট নিয়ে আরও বড় দুশ্চিন্তা টেস্ট সিরিজকে ঘিরে। ৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে পরে। একই অনিশ্চয়তা রয়েছে রাবাদাকে নিয়েও, আইপিএলের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি তিনি।
সাউথ আফ্রিকার হালনাগাদকৃত ওয়ানডে স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বশ, ম্যাথু ব্রিটস্কি, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিজর্ন ফরটুইন, ডুয়ান ইয়ানসেন, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কওয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, এনকোবানি মোকোয়েনা, রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস।