‘যেন নেকড়েদের সামনে ছুড়ে ফেলা হয়েছিল’, কেপটাউনের সেই দুঃসময় নিয়ে স্মিথ

সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
স্টিভ স্মিথ, ফাইল ফটো
স্টিভ স্মিথ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আট বছর আগে কেপটাউনে ঘটে যাওয়া বল টেম্পারিং কাণ্ডের রেশ এখনো কাটেনি স্টিভ স্মিথের। সাউথ আফ্রিকার মাটিতে আবারও টেস্ট খেলতে যাওয়ার আগে সেই সময়ের মানসিক চাপের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। বিশেষ করে ক্যামেরার ঝলক তাঁকে ফিরিয়ে নেয় নিষেধাজ্ঞার পরের সেই কঠিন সময়ে।

২০১৮ সালের ঘটনার পর এবারই প্রথম সাউথ আফ্রিকায় টেস্ট খেলবেন স্মিথ। অস্ট্রেলিয়ার ‘কোড স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ওই ঘটনার কিছু স্মৃতি এখনো তাকে অস্বস্তিতে ফেলে। ক্যামেরার সামনে দাঁড়ানোর ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার প্রভাব রয়েছে।

স্মিথ বলেন, 'ক্যামেরা আমার খুব একটা পছন্দ নয়। ক্যামেরার আশপাশে থাকলে আমি উদ্বিগ্ন হয়ে পড়ি। জীবনের সেই সময়টা ছিল খুবই যন্ত্রণাদায়ক। ক্যামেরার ফ্ল্যাশ দেখলেই মনে হয়, আবার যেন সেই সময়ের মধ্যে ফিরে গেছি।'

কেপটাউনের ঘটনার পর বড় ধরনের শাস্তির মুখে পড়েছিলেন স্মিথ। হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব, পাশাপাশি এক বছরের জন্য নিষিদ্ধও হন। একই ঘটনায় এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছিল নয় মাসের জন্য।

তবে স্মিথের কাছে শাস্তির চেয়েও কঠিন ছিল নিষেধাজ্ঞার খবর পাওয়ার পরের সময়টা। ক্রিকেট অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের কাছ থেকে নিষেধাজ্ঞার কথা শোনার পরের দুই দিন এবং জোহানেসবার্গ বিমানবন্দরের অভিজ্ঞতা এখনো তাঁর স্মৃতিতে স্পষ্ট।

'জেমস সাদারল্যান্ড যখন আমাকে এক বছরের নিষেধাজ্ঞার কথা বললেন, এরপরের ২৪ থেকে ৪৮ ঘণ্টা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। জোহানেসবার্গ বিমানবন্দর এবং দেশে ফেরার পর সংবাদ সম্মেলন- সবকিছুই খুব কঠিন ছিল।'

বিমানবন্দরে সাংবাদিকদের ঘেরাওয়ের ঘটনাটিও আলাদা করে মনে রেখেছেন স্মিথ। তার ভাষায়, 'আমার মনে হয়েছিল, আমাকে যেন নেকড়েদের সামনে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না।'

সাউথ আফ্রিকার বিপক্ষে সেই টেস্টে বলের আকৃতি বদলে রিভার্স সুইং পাওয়ার চেষ্টায় সিরিশ কাগজ ব্যবহারের সময় ধরা পড়েছিলেন ব্যানক্রফট। তদন্তের পর তিন ক্রিকেটারকে শাস্তি দেওয়া হলেও পরিকল্পনাটি সম্পর্কে অস্ট্রেলিয়া দলের আর কেউ জানতেন কি না, তা নিশ্চিত হয়নি।

আগামী ৯ অক্টোবর ডারবানে শুরু হবে দুই দলের তিন ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে ২৪ সেপ্টেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ, যেখানে অবসর নেয়ায় স্মিথকে দেখা যাবে না।

আরো পড়ুন: