রোহিত-কোহলির পারফরম্যান্সে সন্তুষ্ট গম্ভীর

ভারত ক্রিকেট
রোহিত শর্মা, বিরাট কোহলি ও গৌতম গম্ভীর, ফাইল ফটো
রোহিত শর্মা, বিরাট কোহলি ও গৌতম গম্ভীর, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজ শুরু হতেই আলোচনায় উঠে এসেছে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ও বিরাট কোহলির সম্পর্ক। দুজনের মধ্যে দূরত্ব নিয়ে নানা আলোচনা থাকলেও দলের আরেক সিনিয়র ব্যাটার রোহিত শর্মার প্রতি পূর্ণ আস্থা রাখছেন গম্ভীর। তার চাওয়া, রোহিত নিজের স্বাভাবিক খেলাটাই যেন চালিয়ে যান।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারত জিতলেও ব্যাট হাতে সফল হননি রোহিত। উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে তিনি করেন মাত্র ১১ রান। তবে এই ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন নন গম্ভীর। দলের ভেতরে রোহিতকে মানসিকভাবে স্বস্তিতে রেখে তার স্বাভাবিক খেলাই খেলতে দেয়ার পক্ষেই অবস্থান নিয়েছেন তিনি।

ভারতীয় দলের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেছেন, 'এই দলের জন্য রোহিতের অবদান অনেক। সীমিত ওভারের ক্রিকেটে তার অবদান অস্বীকার করার সুযোগ নেই। প্রধান কোচ চান, পুরো ক্রিকেটজীবনে যেভাবে খেলেছে, সেভাবেই খেলুক। ব্যাট হাতে নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করুক। অনেক সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছে রোহিত। তাই তাকে সময় দিতে এবং মানসিকভাবে স্বস্তিতে রাখতে চান তিনি।'

তিনি আরও বলেন, 'রোহিতের মতো ক্রিকেটারেরা যেকোনো সময় ম্যাচের চেহারা বদলে দিতে পারে। চাপমুক্ত থেকে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে তাদের থামানো কঠিন। প্রধান প্রশিক্ষকের মতে, রোহিতের প্রতিটি ইনিংস আলাদা করে বিশ্লেষণ করার প্রয়োজন নেই। এত বছরের অভিজ্ঞ এই ব্যাটারের পাশে থাকাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

এক দিনের দলের নেতৃত্ব হারানোর পর ১৩টি ম্যাচে ৫৬৩ রান করেন রোহিত। শুভমান গিলের নেতৃত্বে তার ব্যাটিং গড় ৪৬.৯১। এই সময়ে একটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন তিনি। রোহিতের এই ধারাবাহিক পারফরম্যান্সে সন্তুষ্ট দলের ব্যবস্থাপনা।

ওই সূত্র আরও বলেছে, 'ভবিষ্যতে কী হবে, তা এখনই বলা সম্ভব নয়। আমরা বর্তমান নিয়েই ভাবছি। সিনিয়র ক্রিকেটারেরা যেন স্বস্তিতে খেলতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে বিরাট কোহলির ব্যাটিং নিয়েও প্রধান কোচ সন্তুষ্ট। দুই অভিজ্ঞ ব্যাটারকে ঘিরেই আগামী বিশ্বকাপের পরিকল্পনা এগিয়ে নেয়া হচ্ছে।'

আরো পড়ুন: