‘আইপিএলে যে আইয়ারকে দেখেছি, এটা সেই আইয়ার নয়’

ইংল্যান্ড-ভারত সিরিজ
ভারতীয় দল
ভারতীয় দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত। যদিও সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছে না তাদের। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি সিরিজে হেরেছে ভারত। যা বড় ধাক্কা হয়ে এসেছে দলটির জন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ড সফরেও ঘুরে দাঁড়াতে পারেনি ভারত।

ব্রিস্টলে দাপুটে জয়ে স্বাগতিকরা ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে। সিরিজের এক ম্যাচ বাকি থাকলেও সিরিজের ফলাফল এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে। এমন পাফরম্যান্সের পর বিসিসিআই সাম্প্রতিক ব্যর্থতার কারণ পর্যালোচনার ঘোষণা দিয়েছে। ফলে নিশ্চিতভাবেই ইংল্যান্ড সিরিজ শেষে ভারতীয় দলকে বিসিসিআইয়ের জেরার মুখে পড়তে হচ্ছে।

ইংল্যান্ডে ভারতের এমন পারফরম্যান্সের সমালোচনা করেছেন সাবেক ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার সাবা করিম। তিনি ভারতের ব্যাটারদের শট নির্বাচন, শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বের কৌশল নিয়ে কড়া সমালোচনা করেছেন। ভারতের হারের কারণ হিসেবে সাবা করিম মনে করেন, ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারাই ছিল সবচেয়ে বড় সমস্যা।

তিনি বলেন, ‘প্রতিপক্ষের বোলিং পরিকল্পনা বুঝতে হবে। সেটা না পারলে ফল কখনোই আপনার পক্ষে যাবে না। ভারতের ব্যাটারদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। জফরা আর্চার ও জশ টাং ধারাবাহিকভাবে শর্ট বল করে গেছে। ব্যাকফুটে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে আমরা দুটি উইকেট হারিয়েছি। অভিষেক শর্মাও আউট হয়েছে, যদিও সে আউট হয়েছে আদিল রশিদের বলে। কিন্তু উইকেট তো উইকেটই। নতুন বলে ব্যাট করার সময় ভারতের ব্যাটাররা মাঠের সীমানার আকার বিবেচনায় নেয়নি। তখন প্রয়োজন ছিল স্ট্রাইক রোটেট করা।'

পাশাপাশি তিনি যোগ করেন, 'আর্চার ও টাংয়ের প্রথম স্পেল সতর্কভাবে পার করে দিতে পারলে পরে রান তোলার গতি বাড়ানো যেত। বিশেষ করে মাঝের ওভারগুলোতে আমাদের রান তোলার ধরন আমাকে উদ্বিগ্ন করেছে। অন্যদিকে ইংল্যান্ড আমাদের স্পিনারদের পুরো কোটার ওভারও করতে দেয়নি। এই ভারতীয় দল ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। আমরা এখনো এমনভাবে খেলছি যেন ভারতের ছোট বাউন্ডারির মাঠে খেলছি। বিশ্বকাপজয়ী কোনো দলের খেলা এমন হওয়া উচিত নয়।’

আয়ারল্যান্ড সিরিজ দিয়ে ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন আইয়ার। তবে টানা দুটি সিরিজ হারের পর সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে তাকে। সাবা করিম মনে করেন আইপিএলে যে আইয়ারকে দেখা যায় ভারতের হয়ে তাকে সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি যোগ করেন, ‘আমার মনে হয়, এখন সময় এসেছে শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক হিসেবে নিজের উপস্থিতি আরও জোরালোভাবে জানান দেওয়ার। আইপিএলে তার যে কৌশলী অধিনায়কত্ব দেখেছি, আন্তর্জাতিক ক্রিকেটে এখনো সেটার প্রতিফলন দেখা যায়নি। উদাহরণ হিসেবে বলা যায়, তিনি যখন মাঝের ওভারে ব্যাট করছিলেন, তখন পাঁচ নম্বরে শিভম দুবেকে নামানো হয়েছিল। সিদ্ধান্তটা আমি বুঝতে পারিনি। আইপিএলে যে শ্রেয়াস আইয়ারকে আমরা দেখেছি, এটা সেই শ্রেয়াস নয়।'

আরো পড়ুন: