বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আজহারউদ্দিন জানান, ইংল্যান্ডের কন্ডিশন আইপিএলের মতো নয়। তাই আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে হলে ভারতীয় ক্রিকেটারদের দ্রুত সেই বাস্তবতা বুঝতে হবে।
তিনি বলেন, 'ইংল্যান্ড সম্পূর্ণ ভিন্ন। এটা আইপিএলের মতো নয়। ভারতীয় দল যত দ্রুত বিষয়টি বুঝবে, ততই ভালো। আইপিএলে প্রায় প্রতিটি বলই মাঠের বাইরে পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু এখানে তা সম্ভব নয়। কারণ বল সুইং করে, কন্ডিশন আলাদা এবং উইকেটে বাড়তি বাউন্স থাকে।'
ভারতের ব্যাটিং নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। তার মতে, ইংল্যান্ডের বোলাররা ভারতীয় ব্যাটারদের দুর্বলতা ভালোভাবেই বুঝে ফেলেছে।
এ প্রসঙ্গে আজহারউদ্দিন বলেন, 'ইংল্যান্ডের বোলাররা প্রতিটি ব্যাটারের বিপক্ষে কীভাবে বল করতে হবে, সেটা বুঝে গেছে। আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হবে। পারফরম্যান্স মোটেই ভালো হয়নি। তবে আমি নিশ্চিত, তারা এখান থেকে শিক্ষা নেবে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি এবং এরপর ইংল্যান্ডের বিপক্ষে টানা তিনটি হার ভারতের জন্য মোটেও ভালো লক্ষণ নয়। আশা করি, শেষ ম্যাচে অন্তত নিজেদের সামর্থ্য ও আত্মসম্মানের প্রমাণ দিতে পারবে।'
চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরও আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে টানা ব্যর্থতার মুখে পড়েছে ভারত। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর পরের চার ম্যাচের মধ্যে প্রথম তিনটিতেই হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে সফরকারীরা।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার উইকেটে হারার পর তৃতীয় ম্যাচে ২০২ রান তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে ১২৫ রানের বড় ব্যবধানে হারে ভারত। এরপর ব্রিস্টলে চতুর্থ ম্যাচেও ৯ উইকেটের পরাজয়ে সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা।
এর আগে চলতি বছরই আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ভারত, যা ছিল আইরিশদের বিপক্ষে তাদের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ পরাজয়। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের জায়গায় শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক করার পর এই দুটি সিরিজেই হেরেছে ভারত।
চতুর্থ টি-টোয়েন্টিতে আইয়ার ৪৯ বলে অপরাজিত ৮০ রানের লড়াকু ইনিংস খেললেও ভারত ৭ উইকেটে ১৫৮ রানের বেশি করতে পারেনি। জবাবে অধিনায়ক হ্যারি ব্রুকের ৩৫ বলে ৭৯ এবং ফিল সল্টের ৪২ বলে ৫৯ রানে ভর করে মাত্র ১৩.৫ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংল্যান্ড।
এই জয়ের মাধ্যমে দুই বা তার বেশি ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড।