৪ ক্রিকেটারকে বিশেষ চুক্তি প্রস্তাব করেছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ক্রিকেট
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ২০২৬-২৭ মৌসুমের জন্য ফিন অ্যালেন, লকি ফার্গুসন, টিম সাইফার্ট ও অ্যাডাম মিলনেকে ‘কেন্দ্রীয় চুক্তির বাইরে বিশেষ চুক্তি’ প্রস্তাব করেছে। এনজেডসি এই চুক্তিকে 'ক্যাজুয়াল প্লেয়িং কনট্রাক্ট' হিসেবে অভিহিত করেছে। এই চারজনই শুধু সাদা বলের ক্রিকেটে খেলবেন। গত মৌসুমেও একই ধরনের চুক্তির আওতায় ছিলেন। এই চুক্তির ফলে তারা জাতীয় দলের হয়ে প্রতিটি সিরিজ খেলতে বাধ্য থাকবেন না। তবে বোর্ড ও নির্দিষ্ট খেলোয়াড়ের সাথে আলোচনা সাপেক্ষে তাদের বড় টুর্নামেন্ট বা সিরিজের পরিকল্পনায় রাখতে পারবেন নির্বাচকরা।

নতুন চুক্তির ফলে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তাদের খেলার সুযোগ থাকছে। পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনাতেও তারা থাকবেন।

ভারতের নিউজিল্যান্ড সফরকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে এনজেডসি। ঐতিহাসিক এই সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত ও নিউজিল্যান্ড।

গত চুক্তি মেয়াদে ক্যাজুয়াল প্লেয়িং কনট্রাক্টে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এবার আর এই তালিকায় নেই। এছাড়া জেমস নিশাম অকল্যান্ডের সঙ্গে ঘরোয়া চুক্তি করেছেন। অন্যদিকে ডেভন কনওয়ে ও ব্লেয়ার টিকনার গত জুনে ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় ফিরে এসেছেন।

নিউজিল্যান্ডের নির্বাচক গ্যাভিন লারসেন বলেন, ‘ফিন, লকি, অ্যাডাম ও টিমকে আবারও আমাদের চুক্তির আওতায় আনতে পেরে আমরা আনন্দিত। চারজনই ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার মতো সামর্থ্য রাখে এবং এর প্রমাণ তারা নিউজিল্যান্ড দলের হয়ে অনেকবার দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তাদের চাহিদা রয়েছে। আমরা এটিকে ইতিবাচকভাবে দেখি, কারণ সেখানে খেলার অভিজ্ঞতা তারা জাতীয় দলের পরিবেশেও কাজে লাগাতে পারবে।’

বর্তমানে চারজনই মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলছেন। টিম সাইফার্ট খেলছেন সিয়াটল অরকাসের হয়ে, ফিন অ্যালেন সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে, লকি ফার্গুসন ওয়াশিংটন ফ্রিডমের হয়ে এবং অ্যাডাম মিলনে টেক্সাস সুপার কিংসের হয়ে মাঠে নামছেন।

২০২৬-২৭ মৌসুমের নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিপ্রাপ্ত ক্রিকেটাররাঃ টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফাউলকস, মিচ হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

ক্যাজুয়াল প্লেয়িং কনট্রাক্ট পাওয়া ক্রিকেটাররাঃ ফিন অ্যালেন, লকি ফার্গুসন, টিম সাইফার্ট ও অ্যাডাম মিলনে।

আরো পড়ুন: