গত সোমবার জিম্বাবুয়েতে পৌঁছেছে বাংলাদেশ দল। দুই দেশের মধ্যকার এই সফরে একটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে। হারারে ও বুলাওয়েতে অনুষ্ঠিতব্য এই সিরিজটিকে চলতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন হিসেবে দেখছে জিম্বাবুয়ে।
সিরিজ শুরুর আগে স্যামনস বলেন, 'সত্যি বলতে, এই মুহূর্তে আমাদের মনোযোগ পুরোপুরি নিজেদের প্রস্তুতির ওপর। আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আপাতত সেখানেই আমাদের নজর।'
দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় ম্যাচের তীব্রতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জিম্বাবুয়ের এই প্রধান কোচ। বিশেষ করে টেস্ট ক্রিকেটে শেষবার মাঠে নামার পর বেশ কয়েক মাস কেটে যাওয়ায় শুরু থেকেই সর্বোচ্চ মনোযোগ ধরে রাখার ওপর জোর দিচ্ছেন তিনি।
স্যামনসের ভাষায়, 'দলের কাছে মূল বার্তা হবে আন্তর্জাতিক ক্রিকেটের প্রয়োজনীয় তীব্রতার সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া। দীর্ঘ সময় পর খেলতে নামছি, তাই প্রথম বল থেকেই সেই মানসিকতা ধরে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'
তিনি আরও বলেন, 'অনেক দিন হয়ে গেছে। তাই সবচেয়ে বড় পরীক্ষা হবে শুরু থেকেই সঠিক তীব্রতায় খেলতে পারা। তবে আপাতত আমাদের সব চিন্তা নিজেদের প্রস্তুতি নিয়েই।'
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেও দেখছে জিম্বাবুয়ে। ২০২৭ সালের বিশ্বকাপকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করা, খেলোয়াড়দের প্রস্তুতি যাচাই করা এবং স্কোয়াডের গভীরতা বাড়ানোর সুযোগ হিসেবে এই সিরিজকে কাজে লাগাতে চায় তারা।