এদিন মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিভিন্ন পুরস্কারে সম্মানিত করা হয়। তাদের মধ্যে ছিলেন ভারতীয় হকি তারকা সবিতা পুনিয়া, যিনি পদ্মশ্রী লাভ করেন। অন্যদিকে টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজকে দেওয়া হয় পদ্মভূষণ।
ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণে মে মাসে অনুষ্ঠিত প্রথম ইনভেস্টিচার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি রোহিত। তবে মঙ্গলবার (২৩ জুন) স্ত্রী রিতিকা সাজদেহকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ বছর পদ্মশ্রী পাওয়া ক্রীড়াবিদদের মধ্যে ছিলেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরও। গত বছর তার নেতৃত্বে ভারত নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেছিল। তিনি মে মাসে অনুষ্ঠিত প্রথম সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানেই পদ্মশ্রী গ্রহণ করেন।
এই সম্মাননার মাধ্যমে রোহিত ভারতের ক্রিকেট ইতিহাসের একটি বিশেষ তালিকায় জায়গা করে নিলেন। পদ্মশ্রী পাওয়া ভারতীয় ক্রিকেটারদের সংখ্যা প্রায় ৪০ জন। তিনি যোগ দিলেন বিজয় হাজারে, নবাব পতৌদি, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির মতো কিংবদন্তিদের কাতারে।
দীর্ঘ ১১ বছরের আইসিসি ট্রফি জিততে না পারার আক্ষেপ ঘুচিয়ে ভারতকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতান রোহিত। তার নেতৃত্বেই ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জেতে ভারত। এছাড়া ভারতের ইতিহাসের অন্যতম সফল ব্যাটার রোহিত আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই দেশের প্রতিনিধিত্ব করেছেন। টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও বর্তমানে ওয়ানডে ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে ২৮৫ ম্যাচে ৪৮.৮৩ গড়ে ১১ হাজার ৭২০ রান করেছেন রোহিত। তার ঝুলিতে রয়েছে ৩৩টি শতক। ২৬৪ রানের ইনিংসটি এখনো ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরির রেকর্ডও তার দখলে।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৯ ম্যাচে ৪ হাজার ২৩১ রান করেছেন তিনি, যেখানে রয়েছে পাঁচটি শতক। অন্যদিকে টেস্ট ক্রিকেটে ৬৭ ম্যাচে ১২টি শতকের সাহায্যে করেছেন ৪ হাজার ৩০১ রান। এই সংস্করণে তার সর্বোচ্চ ইনিংস ২১২ রান।
সব মিলিয়ে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজারেরও বেশি রান করেছেন রোহিত। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার হিসেবে বিবেচিত এই ব্যাটারের বর্ণাঢ্য ক্যারিয়ারে এবার যোগ হলো দেশের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মশ্রী’।