স্টোকস-অ্যাটকিনসনকে ছেড়ে দল কাউন্টি দল, ফিরছেন তৃতীয় টেস্টেই

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ
বেন স্টোকস ও গাস অ্যাটকিনসন
বেন স্টোকস ও গাস অ্যাটকিনসন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথম টেস্টে জয়ের পর দলের কারফিউ ভাঙার ঘটনায় বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনকে বাইরে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য নিজেদের একাদশ সাজিয়েছিল ইংল্যান্ড। তদন্ত চলমান থাকায় তাদেরকে একাদশে রাখেনি ইংল্যান্ড দলের টিম ম্যানেজমেন্ট। তদন্ত শেষে দুজনই ইংল্যান্ডের তৃতীয় টেস্টের দলে ফিরছেন বলে ইঙ্গিত দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।

দ্য ক্রিকেট রেগুলেটর ও ইসিবির তদন্ত চলমান থাকালেও এই দুই ক্রিকেটারকে কাউন্টির হয়ে খেলার অনুমতি দেয়া হয়েছিল। তদন্তের ফলাফল সোমবার (২২ জুন) আসার কথা রয়েছে। ইসিবি জোর দিয়ে জানিয়ে দিয়েছে, দ্য ক্রিকেট রেগুলেটরের তদন্ত থেকে আলাদা তাদের নিজস্ব তদন্ত এখনো শেষ হয়নি। তবে দ্বিতীয় টেস্ট শুরুর সময়ই জানা যায়, স্টোকসের ফেরার সম্ভাবনা প্রবল।

শনিবার নর্থ্যাম্পটনশায়ারের বিপক্ষে ডারহামের হয়ে ৯৫ রান করেন স্টোকস। একই সময়ে দ্য ওভালে ৪৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড ৫ উইকেটে ১৮২ রানে বিপর্যস্ত ছিল। প্রথম ইনিংসে ২৫ ওভার বল করে ৮০ রান দিয়ে ১ উইকেটও নেন তিনি। অন্যদিকে সারের হয়ে গ্ল্যামরগানের বিপক্ষে ৬১ রান দিয়ে ৪ উইকেট নেন অ্যাটকিনসন।

নিজেদের ম্যাচের তৃতীয় দিনের আগেই দুজনকে রিলিজ করে দিয়েছে কাউন্টির দুই দল। তাদের পরিবর্তে খেলবেন কলিন অ্যাকারম্যান ও টম লস।দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে পাঁচটি পরিবর্তন আনা হয়েছিল। এর মধ্যে জেমি স্মিথ পিতৃত্বকালীন ছুটিতে এবং অলি রবিনসন ডান হাঁটুর সমস্যার কারণে দলে ছিলেন না।

স্মিথের উইকেটরক্ষক হিসেবে ফেরার সম্ভাবনা রয়েছে এবং দ্বিতীয় টেস্ট চলাকালে অনুশীলনে রবিনসনকে পুরোপুরি ফিটই মনে হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো। তাই ট্রেন্ট ব্রিজে সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য স্বাগতিকরা আবারও পাঁচটি পরিবর্তন আনতে পারে।

আরো পড়ুন: