লর্ডসে প্রথম টেস্ট জয়ের পর দলের নির্ধারিত সময়সীমা ভঙ্গ করায় দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়নি স্টোকসকে। সেই ঘটনায় গাস অ্যাটকিনসনও শাস্তির মুখে পড়েন। বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।
স্টোকসের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পালন করছেন জো রুট। তবে দলের ভারসাম্য ও নেতৃত্বে স্টোকসের প্রভাব যে কতটা গুরুত্বপূর্ণ, তা ম্যাচের মাঝেই স্পষ্ট হয়ে উঠছে। দ্বিতীয় টেস্টে ৪০ ওভারে ১৬১ রান দিয়ে তিন উইকেট নেওয়া টাং ম্যাচ শেষে স্টোকসের প্রশংসা করতে গিয়ে বলেন, দল তার অভাব অনুভব করছে।
তিনি বলেন, 'স্টোকসি অসাধারণ একজন ক্রিকেটার। আমি যখন অভিষেক করি, তখন সে-ই অধিনায়ক ছিল। তার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। তাকে রান করতে দেখাও সবসময় ভালো লাগে।'
সাম্প্রতিক বছরগুলোতে ব্যাট হাতে খুব ধারাবাহিক না হলেও বল হাতে ইংল্যান্ডের অন্যতম ভরসা স্টোকস। গত গ্রীষ্মের শুরু থেকে জশ টাংয়ের পর ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকার করেছেন তিনি। তার অনুপস্থিতির কারণে ওভাল টেস্টে স্পিনার খেলানোর ঝুঁকিও নেয়নি ইংল্যান্ড।
স্টোকসের বদলে নেতৃত্ব দেওয়া রুটের প্রশংসাও করেন টাং। তবে একই সঙ্গে স্বীকার করেন, দলের জন্য স্টোকসের গুরুত্ব আলাদা।
টাং বলেন, 'আমরা অবশ্যই তাকে মিস করছি। তবে আমাদের দলে অনেক নেতৃত্বগুণসম্পন্ন ক্রিকেটারও আছে। রুটি (জো রুট) অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে দারুণ কাজ করছে। সে অসাধারণ ক্রিকেটার এবং দুর্দান্ত নেতা।'
এদিকে স্টোকস নিজেকে ম্যাচের জন্য প্রস্তুত রাখতে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলছেন। শনিবার নর্থ্যাম্পটনশায়ারের বিপক্ষে ৯৫ রানের ইনিংস খেলেছেন তিনি। ঠিক সেই সময় ওভালে ইংল্যান্ড ব্যাটিং ধসে পড়ে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।
ডারহামের প্রধান নির্বাহী টিম বোস্টক সম্প্রতি স্টোকসের মানসিক অবস্থা নিয়ে চলা কিছু আলোচনাকে 'বিস্ময়কর' বলে মন্তব্য করেছেন। অন্যদিকে ডারহামের প্রধান কোচ রায়ান ক্যাম্পবেল জানিয়েছেন, অনুশীলনে স্টোকসকে বেশ প্রাণবন্ত ও স্বাভাবিক মনে হয়েছে।
নর্থ্যাম্পটনশায়ারের হয়ে স্টোকসের সঙ্গে ১৫৩ রানের জুটি গড়া উইল রোডসও তার প্রশংসা করেছেন। তিনি বলেন, 'স্টোকসির সঙ্গে ব্যাটিং করা দারুণ অভিজ্ঞতা। খুব কম সময়ই এমন হয় যখন অন্য প্রান্তে দাঁড়িয়ে নিজেকে ছোট মনে হয়। দর্শকেরা আমাকে নয়, স্টোকসিকেই দেখতে এসেছে। তাই আমি চুপচাপ নিজের কাজটাই করার চেষ্টা করেছি।'
আগামী সোমবার তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করার কথা ইংল্যান্ডের। তবে ট্রেন্ট ব্রিজ টেস্টে স্টোকসের ফেরা নির্ভর করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ক্রিকেট রেগুলেটরের চলমান তদন্তের ফলাফলের ওপর।