গত দুই বছর অনিয়মিত বা ক্যাজুয়াল চুক্তির আওতায় থাকা কনওয়ে আবারও পূর্ণাঙ্গ কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন। সামনে ব্যস্ত টেস্ট সূচি থাকায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তার ওপর আস্থা রেখেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৬ ম্যাচ খেলা কনওয়ে তিন সংস্করণ মিলিয়ে ছয় হাজারেরও বেশি রান করেছেন। ১ আগস্ট ২০২৬ থেকে ৩১ জুলাই ২০২৭ পর্যন্ত মেয়াদের চুক্তি চলাকালে তিনি সব আন্তর্জাতিক সিরিজেই জাতীয় দলে খেলতে বাধ্য থাকবেন,
অন্যদিকে ঘরোয়া দল সেন্ট্রাল স্ট্যাগস ও জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন ব্লেয়ার টিকনার। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের হয়ে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। শেষ আট ইনিংসের পাঁচটিতেই চার বা তার বেশি উইকেট শিকার করেছেন তিনি। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে নিজের প্রথম আন্তর্জাতিক পাঁচ উইকেটও তুলে নেন এই পেসার।
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার কনওয়ে ও টিকনারের প্রত্যাবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'টিকনার গত কয়েক বছরে নিজের খেলায় নতুন মাত্রা যোগ করেছেন এবং দলের প্রয়োজনে বিভিন্ন ভূমিকায় সফলভাবে দায়িত্ব পালন করেছেন। সামনে লাল বলের ক্রিকেটে ব্যস্ত সূচি থাকায় বোলিং আক্রমণের গভীরতা ধরে রাখতে তার মতো ক্রিকেটারের প্রয়োজন রয়েছে।'
রব আরও বলেন, 'কনওয়ে দীর্ঘদিন ধরেই তিন সংস্করণে দলের গুরুত্বপূর্ণ সদস্য। ক্যাজুয়াল চুক্তিতে থাকলেও তিনি নিয়মিত জাতীয় দলের হয়ে খেলেছেন। তাই তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তিতে ফেরা দলের জন্য ইতিবাচক খবর।'
কনওয়ে ও টিকনারের অন্তর্ভুক্তির ফলে কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন আদিত্য অশোক ও মোহাম্মদ আব্বাস। তবে ক্যান্টারবারির দুই তরুণ ক্রিকেটার জ্যাক ফল্কস ও মিচ হে নিজেদের চুক্তি ধরে রেখেছেন। গত মৌসুমে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তি পাওয়া এই দুজনই গত এক বছরে তিন সংস্করণেই নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন।
ইতোমধ্যে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফল্কস ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। অন্যদিকে উইকেটরক্ষক ব্যাটার মিচ হে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েলিংটনে টেস্ট অভিষেকেই ৬১ রান করেন এবং উইকেটের পেছনে তিনটি ক্যাচ নেন।
এদিকে মাইকেল ব্রেসওয়েল ও মার্ক চ্যাপম্যান টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিং বিবেচনায় না রাখার অনুরোধ জানালেও তারা সাদা বলের বিশেষজ্ঞ ক্রিকেটার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে বহাল রয়েছেন। ক্যাজুয়াল বা অনিয়মিত চুক্তি নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা: টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফল্কস, মিচ হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও'রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।