বুধবার ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। স্মিথকে রেখেই সোমবার একাদশ ঘোষণা করেছিল ইংল্যান্ড। তবে তখনই জানানো হয়েছিল, পারিবারিক কারণে তিনি ছুটিতে গেলে তার জায়গায় খেলবেন রু। মঙ্গলবার ভোরে স্মিথের সঙ্গী কেট দ্বিতীয় সন্তানের জন্ম দেন। পরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানায়, পরিবারকে সময় দেয়ার সুযোগ করে দিতেই তাকে এই ম্যাচ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
লর্ডসে জয় পাওয়া দলের তুলনায় দ্বিতীয় টেস্টে পাঁচটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। এই ম্যাচে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামছেন তিনজন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন রু, ব্যাটসম্যান জর্ডান কক্স এবং পেসার সনি বেকার।
দলের বাইরে চলে গেছেন কয়েকজন পরিচিত মুখও। গত সপ্তাহে লন্ডনের একটি নৈশকেন্দ্রের ঘটনার পর অধিনায়ক বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনকে দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়নি। হাঁটুর চোটের কারণে ছিটকে গেছেন অলি রবিনসন। প্রথম টেস্টে স্পিনের প্রয়োজন না হওয়ায় শোয়েব বশিরও জায়গা হারিয়েছেন। সব মিলিয়ে স্মিথের ছুটিতে যাওয়া ইংল্যান্ডের পরিবর্তনের তালিকাকে আরও দীর্ঘ করেছে।
একই সঙ্গে ফিরেছেন জফরা আর্চার ও ম্যাথু ফিশার। দীর্ঘ সময় পর আবার টেস্ট একাদশে দেখা যাবে দুজনকে। ফিশার তার দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন প্রায় চার বছর পর। অন্যদিকে লর্ডসে অভিষেক হওয়া এমিলিও গে এবার খেলবেন নিজের দ্বিতীয় টেস্ট।
দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: এমিলিও গে, বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট (অধিনায়ক), হ্যারি ব্রুক, জেমস রু (উইকেটরক্ষক), জর্ডান কক্স, জফরা আর্চার, জশ টং, ম্যাথু ফিশার, সনি বেকার।