প্রায় দুই বছরের বেশি সময় ধরে এই সংস্করণে খেলেননি রবিনসন। সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ম্যাচে দেশের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এরপর নানা কারণে দলে জায়গা হারান ডানহাতি এই পেসার।
তবে সামনে সুযোগ দেখছেন রবিনসন, 'মৌসুমের শুরুতে ব্রেন্ডন ম্যাককালাম আমাকে বার্তা দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল দরজা এখনও খোলা আছে। এটা শুনে ভালো লেগেছে এবং এটা আমাকে অনুপ্রাণিত করেছে।'
তিনি আরও বলেন, 'ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান রব কি'ও আমাকে বলেছিলেন, ভালো বল করতে এবং সুযোগের জন্য নিজেকে প্রমাণ করতে। এমনকি এক ম্যাচে আমার বোলিং দেখে প্রশংসাও করেছেন, যা আত্মবিশ্বাস বাড়িয়েছে।'
ইংল্যান্ড দলের পেস বিভাগে কিছু পরিবর্তনের কারণেও সুযোগ তৈরি হয়েছে। কয়েকজন বোলারের চোট এবং অভিজ্ঞদের অবসর নেয়ায় জায়গা ফাঁকা হয়েছে, যা রবিনসনের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে।
বর্তমান মৌসুমে কাউন্টি ক্রিকেটে ভালো পারফরম্যান্স করছেন রবিনসন। তিনি বলেন, 'এই মৌসুমে অধিনায়কত্ব নেওয়ার সময় ভাবিনি যে দলে ফেরার সুযোগ থাকবে। এখন বুঝতে পারছি, সেই সুযোগ আছে এবং সেটাই আমাকে আরও ভালো খেলতে উৎসাহ দিচ্ছে।'
নিজের মানসিক অবস্থার পরিবর্তন নিয়েও কথা বলেন এই পেসার, 'এখন আমার পুরো মনোযোগ ক্রিকেটে। খেলাটার প্রতি ভালোবাসা ফিরে পেয়েছি। আগের চেয়ে এখন নিজেকে আরও প্রস্তুত মনে হচ্ছে। সুযোগ পেলে সেটার সদ্ব্যবহার করতে চাই।'