তিন ফরম্যাটেই খেলতে চান বাবর

পিএসএল
বাবর আজম
বাবর আজম
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছে পেশোয়ার জালমি। দলটির অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। টুর্নামেন্ট জুড়ে তিনি হাঁকিয়েছেন দুটি সেঞ্চুরিও। এমন ফর্মের পর বাবর স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি তিন ফরম্যাটেই খেলতে চান।

অনেক ক্রিকেটারই এখন ফরম্যাট বেছে খেলার প্রবণতায় ভুগছেন। বাবর ঠিক এর উল্টো অবস্থান নিলেন। হায়দরাবাদ কিংসম্যানকে পাঁচ উইকেটে হারানোর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফরম্যাট বেছে খেলা নিয়ে প্রশ্ন করা হয়েছিল বাবরকে। তিনি জানিয়েছেন এমন কোনো ভাবনা নেই তার।

তিনি বলেন, 'চিন্তা করবেন না, আমি তিন ফরম্যাটেই খেলব। আমার মতে, প্রত্যেক খেলোয়াড়েরই ক্রিকেটের সব ফরম্যাটে খেলা উচিত। লাল বলের ক্রিকেট দারুণ অভিজ্ঞতা দেয়। এটি শেখায় কীভাবে ইনিংস গড়তে হয় এবং ধৈর্য ধরে খেলতে হয়।'

এরপর জালমির হয়ে শিরোপা জেতা নিয়ে বাবর বলেন, 'দেরিতে হলেও ভালো (জালমির হয়ে শিরোপা জেতা)। কখনো কিছু দেরিতে আসে, আবার কখনো খুব দ্রুত ঘটে।'

ব্যক্তিগত পারফরম্যান্সের বাবরের ধারে কাছেও ছিলেন না কেউ এবার। ১১ ম্যাচে ৫৮৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। তবুও নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন বাবর। তিনি মনে করেন প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি তিনি।

সেই আক্ষেপের কথা জানিয়ে বাবর যোগ করেন, ‘আমি নিজের প্রত্যাশা অনুযায়ী অবশ্যই পারফর্ম করতে পারিনি। কিন্তু এমনটা হতেই পারে। আপনি সব চেষ্টা করেন, কিন্তু কখনও কখনও সবকিছু আপনার পক্ষে যায় না। এই পিএসএলের জন্য আমার লক্ষ্য ছিল সহজ, নিজের স্বাভাবিক খেলাটা খেলা এবং ক্রিকেটীয় শটেই অটল থাকা।’

আরো পড়ুন: