আন্তর্জাতিক ক্রিকেট ফিরছেন না ক্লাসেন

ক্রিকেট সাউথ আফ্রিকা
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন হেনরিখ ক্লাসেন। আইপিএলে তাণ্ডব চালাতে দেখে ডানহাতি ব্যাটারকে জাতীয় দলে ফেরানোর পরামর্শ দিয়েছেন কেভিন পিটারসেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ভাবনা নেই ক্লাসেনের। ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস টুডে-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও দুনিয়া জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন ক্লাসেন। ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের সঙ্গে মেজর লিগ ক্রিকেট (এমএলসি), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি ও আইপিএলে খেলছেন তিনি। চলতি আইপিএলেও হায়দরাবাদের হয়ে খেলছেন ডানহাতি এই ব্যাটার। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে দারুণ ছন্দে আছেন।

এখনো পর্যন্ত ৯ ম্যাচে ৫৯.১৪ গড় ও ১৫৭.৪১ স্ট্রাইক রেটে ৪১৪ রান করেছেন ক্লাসেন। ডানহাতি ব্যাটারের চেয়ে বেশি রান করেছেন কেবল হায়দরাবাদের অভিষেক শর্মা। ৩২ চারের সঙ্গে ১৮টি ছক্কাও মেরেছেন সাউথ আফ্রিকার এই ব্যাটার। এমন পারফরম্যান্সের পর ক্লাসেনকে আবারও জাতীয় দলে ফেরানোর পরামর্শ দিয়েছেন পিটারসেন। ইংলিশ সাবেক ব্যাটারের বিশ্বাস, ২০২৭ বিশ্বকাপের অভিযানে কেন্দ্রীয় চরিত্র হতে পারেন ক্লাসেন।

এ প্রসঙ্গে ‘এক্স’ একাউন্টে পিটারসেন লিখেছেন, ‘সাউথ আফ্রিকা কখনোই ক্রিকেট বিশ্বকাপ জেতেনি। আজ সকালে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হেনরিখ ক্লাসেনকে ফোন করে জিজ্ঞেস করা উচিত হবে সে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরতে পারবেন কিনা এবং আগামী বছর সাউথ আফ্রিকায় অনুষ্ঠিতব্য তাদের প্রথম বিশ্বকাপ অভিযানে একজন কেন্দ্রীয় চরিত্র হতে পারবেন কিনা।’

যদিও সাউথ আফ্রিকার জার্সিতে ফেরার কথা ভাবছেন না ক্লাসেন। এ প্রসঙ্গে ডানহাতি এই ব্যাটার বলেন, ‘না, দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না। আমি জীবনের নতুন অধ্যায়ের দিকে তাকিয়ে আছি। এখন আমার লক্ষ্য ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। রটারডামের সঙ্গে কাজ করতে আমি ভীষণ উৎসাহী।’

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) ‘রটারডাম ডকার্স’ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন ক্লাসেন। সাউথ আফ্রিকার ব্যাটারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় আছেন স্বদেশী ফাফ ডু প্লেসি ও জন্টি রোডস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার পাশাপাশি ইটিপিএল নিয়ে এগিয়ে যেতে চান তিনি।

ক্লাসেন বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করছি যাতে এই প্রকল্প সফল হয়। পেশাদারভাবে দল গড়ে তোলা, স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে নেওয়া, সঠিক পরিকাঠামো তৈরি করা এবং সঠিক মানুষদের পাশে পাওয়া, এই সবকিছু নিয়েই এখন আমাদের ভাবনা।’

আরো পড়ুন: