এই সাফল্যের ধারাকে কেবল শুরু বলেই মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। তার বিশ্বাস, সাম্প্রতিক অর্জনগুলো ভারতীয় ক্রিকেটের সামনে আরও বড় সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী অভিজ্ঞ এই ব্যাটার।
মুম্বাইয়ে শনিবার এক অনুষ্ঠানে রোহিত বলেন, 'সাফল্যের কোনও গোপন রহস্য নেই, এটি সম্পূর্ণ নির্ভর করে কঠোর পরিশ্রমের ওপর। আন্তর্জাতিক ক্রিকেটাররা, ছেলে এবং মেয়ে- তারা যা অর্জন করেছেন, সেটির জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেছেন।'
তিনি আরও বলেন, 'অবশ্যই কেবল খেলোয়াড়রা মাঠে পারফর্ম করেন না, পর্দার আড়ালেও অনেক লোক আছেন, যারা এই সাফল্যের জন্য অনেক পরিশ্রম করেছেন। তাই অনেক মানুষ এবং কর্মীকে কৃতিত্ব দেয়া উচিত।'
ভারতের সাম্প্রতিক সাফল্যের ধারায় রয়েছে একাধিক বড় অর্জন। ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারার হতাশা থাকলেও, রোহিতের নেতৃত্বেই ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শিরোপা জিতে নেয় দলটি। একই সময়ে মেয়েদের দলও ওয়ানডে বিশ্বকাপ জিতে দেশের ক্রিকেটকে এনে দেয় আরেকটি বড় সাফল্য।
এই ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত রোহিত বলেন, 'গত কয়েক বছর ধরে আমরা যে সাফল্য পাচ্ছি, তাতে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। শুধু ছেলেদের দলই নয়, নারী দলও বিশ্বকাপ জয় করেছে, এটা দেখতে পারা ছিল অসাধারণ।'
তিনি আরও যোগ করেন, 'আমি আশা করি এটা কেবলই শুরু। একবার মোমেন্টাম পেলে ক্রিকেটে সেটি ধরে রাখা গুরুত্বপূর্ণ। পুরুষ ও নারী, উভয় দলই যেন এই মোমেন্টাম ধরে রেখে সামনে এগিয়ে যেতে পারে।'