সাকিব-নাহিদের পর এপিএলের ড্রাফটে তাসকিন

এপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে নাম দিয়েছেন সাকিব আল হাসান ও নাহিদ রানা। তাদের দুজনের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে নিবন্ধন করেছেন তাসকিন আহমেদও। বাংলাদেশের তিন ক্রিকেটারের নিবন্ধন করার কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

২০১৮ সালের পর এবারই প্রথম মাঠে গড়াতে যাচ্ছে এপিএল। আগামী ২৭ ডিসেম্বর পর্দা উঠবে এপিএলের দ্বিতীয় আসর। টুর্নামেন্ট শুরুর আগে ১লা সেপ্টেম্বর থেকে শুরু হয় প্লেয়ার্স ড্রাফটের নিবন্ধন। যা চলে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। তিন সপ্তাহে এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। যেখানে পাঁচশ জনের বেশি নিবন্ধন করেছেন বিদেশি ক্রিকেটার।

এপিএলে বাংলাদেশের কতজন ক্রিকেটার নিবন্ধন করেছেন সেটা এখনো জানা যায়নি। তবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ তিনজন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। যেখানে সাকিবের সঙ্গে আছেন নাহিদ ও তাসকিন। জাতীয় দলে খেলতে না পারায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন সাকিব। কদিন আগেও খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)।

তাসকিনও এলপিএলে খেলার কথা ছিল। কিন্তু অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নেওয়ার জন্য নিজেকে সরিয়ে নেন। নাহিদ এখনো পিএসএলের বাইরে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি। সাউথ আফ্রিকা সফর শেষে টুর্নামেন্ট হওয়ায় খেলার সুযোগ থাকবে তাসকিন ও নাহিদের। পাশাপাশি বিপিএল না হওয়ায় তাদের এনওসি নিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা।

বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি ইংল্যান্ডের জেসন রয়, মঈন আলী, জেমস ভিন্স নিবন্ধন করেছেন। শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, মাহিশ থিকশানার সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের ফ্যাবিয়েন অ্যালেন, আলজারি জোসেফ, নিউজিল্যান্ডের কলিন মুনরো ও সাউথ আফ্রিকার ম্যাথু ব্রিটজকে। আগামী ২৭ সেপ্টেম্বর ড্রাফট হওয়ার কথা থাকলেও গুঞ্জন আছে ফ্র্যাঞ্চাইজি না পাওয়ায় একমাস পিছিয়ে যেতে পারে।

আরো পড়ুন: