হার্দিকের দলবদলের গুঞ্জনে যা বলছে মুম্বাই

আইপিএল
হার্দিক পান্ডিয়া ও রুতুরাজ গায়কোয়াড়, ফাইল ফটো
হার্দিক পান্ডিয়া ও রুতুরাজ গায়কোয়াড়, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও, তাকে নিয়ে অন্য কোনো দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার খবর নাকচ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে চেন্নাই সুপার কিংসের সঙ্গে হার্দিকের দলবদল নিয়ে আলোচনা চলছে বলে খবর প্রকাশিত হয়েছিল।

ভারতের এক গণমাধ্যমকে দেয়া বক্তব্যে মুম্বাই ইন্ডিয়ান্সের এক মুখপাত্র জানিয়েছেন, গত মৌসুমের পারফরম্যান্স মূল্যায়ন এখনো শেষ হয়নি। সেই প্রক্রিয়া শেষ হওয়ার আগে খেলোয়াড় বিনিময় বা অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে- এমন দাবি সঠিক নয়। তবে মূল্যায়ন শেষ হলে বিভিন্ন বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হবে।

মুম্বাই ইন্ডিয়ান্সের মুখপাত্র বলেন, 'গত মৌসুমের পারফরম্যান্স মূল্যায়ন বর্তমানে চলছে। দল নিয়ে সব দিকই আমরা খতিয়ে দেখছি। বিভিন্ন খবরে যা বলা হচ্ছে, তার বিপরীতে খেলোয়াড় বিনিময় নিয়ে আমরা কোনো আলোচনায় নেই। মূল্যায়ন শেষ হওয়ার আগে এমন কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগও নেই।'

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, হার্দিককে দলে ভেড়ানোর বিষয়ে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে আলোচনা চলছে। হার্দিকের বদলে সম্ভাব্য বিনিময়ে নাম ছিল শিভম দুবে, ডিওয়াল্ড ব্রেভিস। সঙ্গে অর্থের প্রস্তাব নিয়েও কথাবার্তা হয়েছে বলে দাবি করা হয়। পাশাপাশি দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের আগ্রহের কথা উঠে আসে।

২০২৪ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে আছেন হার্দিক। তবে তার অধীনে দল প্রত্যাশিত সাফল্য পায়নি। প্রথম মৌসুমেই তারা তালিকার একেবারে নিচে শেষ করে। পরের মৌসুমে শেষ চারে জায়গা পেলেও এবার আবারও হতাশাজনক ফল করেছে দল। দশ দলের প্রতিযোগিতায় তারা নবম স্থানে থেকে আসর শেষ করে।

মুম্বাই ইন্ডিয়ান্সের মুখপাত্র আরও বলেন, 'বিভিন্ন সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। সেগুলো মূল্যায়নে সময় লাগছে। তাই এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।'

আরো পড়ুন: