কামিন্সের ১২ লাখ রুপি জরিমানা

আইপিএল
প্যাট কামিন্স, আইপিএল
প্যাট কামিন্স, আইপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। এবারের মৌসুমে প্রথমবারের মতো স্লো ওভার রেটের শাস্তি পেয়েছে হায়দরাবাদ। ফলে অধিনায়ক কামিন্সকে ১২ কোটি রুপি জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের কারণে শাস্তি আইপিএলে এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে।

গত কয়েক মৌসুমে একাধিক অধিনায়ক এই কারণে জরিমানার মুখে পড়েছেন। চলতি মৌসুমেও শ্রেয়াস আইয়ার ও অজিঙ্কা রাহানের মতো অধিনায়কেরা একই অপরাধে শাস্তি পেয়েছেন। কামিন্সের জন্য এই জরিমানা আরও হতাশাজনক হয়ে ওঠে, কারণ ম্যাচটিতে গুজরাট টাইটান্সের কাছে বড় ব্যবধানে হেরে যায় সানরাইজার্স হায়দরবাদ। আইপিএলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে টুর্নামেন্টের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যূনতম স্লো ওভার রেটের শাস্তি দেয়া হয়েছে কামিন্সকে।

মঙ্গলবার ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪.৫ ওভারে ৮৬ রানে গুটিয়ে গিয়ে ৮২ রানের বড় ব্যবধানে হারে সানরাইজার্স হায়দরাবাদ। পুরো ইনিংস জুড়েই গুজরাটের বোলারদের সামনে অসহায় অবস্থায় পড়তে হয়েছিল হায়দরাবাদের ব্যাটিং অর্ডারকে।রানের হিসেবে এটি আইপিএলে হায়দরাবাদের ইতিহাসে সবচেয়ে বড় হার। এর আগে গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২০১ রান তাড়া করতে নেমে ১২০ রানে অলআউট হয়ে ৮০ রানে হেরেছিল তারা।

এবারের ধস ছিল আরও ভয়াবহ, কারণ এটিই আইপিএলে হায়দরাবাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ২০২৪ সালের পর এই প্রথমবার ২০০ রানের নিচের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হলো দলটি। ৮৬ রানের এই ইনিংসটি তাদের আগের সর্বনিম্ন ৯৬ রানকেও ছাড়িয়ে গেছে। তারা ২০১৯ সালে হায়দরাবাদে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেছিল। আগামী ১৮ মে সোমবার চেন্নাইয়ের চেপকে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে হায়দরাবাদ।

আইপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ। ১২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। শীর্ষে থাকা গুজরাটও ১২ ম্যাচ খেলেছে, তবে তাদের পয়েন্ট ১৬। আর দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ ম্যাচে তাদেরও পয়েন্ট ১৪।

আরো পড়ুন: