বাস্তবতা মেনে আগামী আইপিএলের দিকে তাকিয়ে অক্ষর

আইপিএল
অক্ষর প্যাটেল, ফাইল ফটো
অক্ষর প্যাটেল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের মাঠে হারের পর চলতি আসরে শেষ চারের আশা কার্যত ছেড়েই দিল দিল্লি ক্যাপিটালস। দলের অধিনায়ক অক্ষর প্যাটেলও বাস্তবতা মেনে নিয়ে আগামী মৌসুমের পরিকল্পনা সাজানোর কথা জানিয়ে দিয়েছেন। প্রত্যাশা অনুযায়ী দল পারফর্ম করতে পারেনি বলেও স্বীকার করেন তিনি।

শুক্রবারের হারের পর দিল্লির অবস্থান আরও কঠিন হয়ে গেছে। এখন পর্যন্ত ১১ ম্যাচে মাত্র চারটি জয় পেয়েছে তারা। বাকি তিনটি ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ১৪, যা সাধারণত শেষ চারে ওঠার জন্য যথেষ্ট নয়।

ম্যাচ শেষে অক্ষর বলেন, 'ভুলগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। আগামী মৌসুমের জন্যও পরিকল্পনা শুরু করতে হবে। দলের সব ক্রিকেটারকে কীভাবে কাজে লাগানো যায়, সেটাও দেখতে হবে।'

দিল্লির জন্য আরো বড় সমস্যার জায়গা হয়ে দাঁড়িয়েছে রান রেট। দশ দলের মধ্যে রান রেট অনুযায়ী তাদের অবস্থান সবচেয়ে নিচে। ফলে শুধু জয় পেলেই হবে না, অন্য দলের ফলও তাদের অনুকূলে যেতে হতো। কিন্তু বর্তমান সমীকরণে সেই সম্ভাবনাও প্রায় শেষ হয়ে গেছে।

এদিকে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদের ঝুলিতে ইতোমধ্যে ১৪ পয়েন্ট জমা হয়েছে। প্রথম পাঁচে থাকা প্রতিটি দলই অন্তত ১২ পয়েন্ট পেয়েছে। তাদের হাতে এখনও একাধিক ম্যাচ বাকি থাকায় দিল্লির জন্য সুযোগ আরও সংকুচিত হয়ে পড়েছে।

চলতি মৌসুমে বেশ কয়েকটি ম্যাচে ভালো শুরু পেয়েও সেটি ধরে রাখতে পারেনি দিল্লি। ব্যাটিং ও বোলিং- দুই বিভাগেই ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট। গুরুত্বপূর্ণ সময়ে সেই ব্যর্থতার মূল্যই দিতে হচ্ছে অক্ষরের দলকে।

আরো পড়ুন: