প্রতি ম্যাচে এমন রান তাড়ার ঘটনা বিশ্বাস করা কঠিন: ল্যাঙ্গার

আইপিএল
জাস্টিন ল্যাঙ্গার, ফাইল ফটো
জাস্টিন ল্যাঙ্গার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রতি বছর রান তোলার ধারা যেন আরও বেড়েই চলেছে। ধীরে ধীরে যেন এটি রানবন্যার প্রতিযোগিতায় পরিণত হয়েছে। বিশেষ করে আইপিএলের চলতি আসরে এমনটা হচ্ছে।

এই আসরে দলগুলো নিয়মিতভাবেই প্রথম ইনিংসে ২০০ রানের বেশি সংগ্রহ করছে। আরও বিস্ময়কর বিষয় হলো, ২০০-এর বেশি লক্ষ্যও ধারাবাহিকভাবে তাড়া করে জিতছে পরে ব্যাটিং করা দলগুলো। ফলে ম্যাচ জিততে কত করতে হবে- এ নিয়েও অনেক ক্ষেত্রে নিশ্চিত হতে পারছে না দলগুলো।

সোমবার সেই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আগে ব্যাটিং করে ২২৯ রানের লক্ষ্য দেয় দলটি। সেই লক্ষ্য এক ওভারের বেশি হাতে রেখেই পেরিয়ে যায় মুম্বাই।

ম্যাচ শেষে লক্ষ্ণৌয়ের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, 'আমি নিজে একজন সাবেক ব্যাটসম্যান হিসেবে এখন যা দেখছি, তা বিশ্বাস করা কঠিন। ব্যাটিংয়ের মান একেবারেই শ্বাসরুদ্ধকর।'

তিনি আরও বলেন, 'কয়েক বছর আগে কেউ কল্পনাও করতে পারত না যে এমন রান তাড়া সম্ভব। আজ যেমনটা দেখা গেল, কিংবা নিকোলাস পুরান বা অন্যদের ইনিংস- এমনকি নতুনরাও নির্ভীকভাবে খেলছে। রঘুবংশী তার প্রথম ম্যাচেই ছক্কা মেরেছে, যা সত্যিই অবিশ্বাস্য।'

ল্যাঙ্গারের মতে, এই নির্ভীক মানসিকতা এখন সিনিয়র খেলোয়াড়দের মধ্যেও ছড়িয়ে পড়ছে, 'তারা একদম ভয়হীনভাবে খেলছে, যা খেলার জন্য ভালো এবং দর্শকদের জন্য বিনোদনমূলক। তবে এতে বোলারদের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়। তবুও ভালো বোলাররা নিজেদের স্থিরতা ধরে রাখার চেষ্টা করছে।'

এই পরিবর্তিত পরিস্থিতি দলগুলোকেও নতুন করে ভাবতে বাধ্য করছে উল্লেখ করে ল্যাঙ্গার বলেন, 'আমরা আমাদের ব্যাটিং ক্রমে পরিবর্তন এনেছি। আগের মৌসুমে যেখানে আমরা ভালো অবস্থানে ছিলাম, এবার অনেক পিছিয়ে পড়েছি, তাই কিছু পরিবর্তন আনা জরুরি ছিল।'

পরবর্তী ম্যাচে লক্ষ্ণৌ মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের, যা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। বর্তমানে ৯ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার দশে অবস্থান করছে লক্ষ্ণৌ।

আরো পড়ুন: