আসরের শুরুতেই চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে জানানো হয়েছিল, পায়ের পেশির চোটের কারণে ধোনি অন্তত দুই সপ্তাহ খেলতে পারবেন না। কিন্তু সময় গড়ালেও তার ফেরার কোনো নির্দিষ্ট খবর পাওয়া যায়নি। ফলে তার না খেলার কারণ নিয়েই আলোচনা বেশি হচ্ছে।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের পর দলের ব্যাটিং কোচ মাইক হাসি এ বিষয়ে বলেন, 'ধোনির সমস্যাটা এখন মূলত দৌড়ানো নিয়ে। ব্যাটিং বা উইকেটরক্ষা করতে তার সমস্যা নেই, কিন্তু দৌড়ে রান নেওয়ার ব্যাপারটা পুরোপুরি ঠিক হওয়া দরকার।'
তিনি আরও বলেন, 'শেষ দিকে এক-দুই রান নিতে দ্রুত দৌড়ানো খুব গুরুত্বপূর্ণ। সে সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে নামবে না।'
সব মিলিয়ে ধোনি এখনো খেলছেন না মূলত শারীরিক প্রস্তুতি পুরোপুরি না থাকার কারণে। চেন্নাই সুপার কিংস তাই ধোনিকে নিয়ে তাড়াহুড়ো করছে না। দল চায়, তিনি পুরোপুরি সুস্থ হয়ে ফিরুন, যাতে কোনো ঝুঁকি না থাকে।
ধোনির মাঠে না দেখা যাওয়ার আরেকটি কারণও অবশ্য তুলে ধরেছেন হাসি। তার ভাষায়, 'সে সব সময় দলের ভালোটা চায়। সে মাঠে এলে অনেক সময় অতিরিক্ত মনোযোগ তৈরি হয়, যা দলের জন্য চাপ হতে পারে, এই বিষয়টা নিয়েও সে ভাবছে।'