দেশে ফিরলেন ব্রিজকে, লক্ষ্ণৌ শিবিরে ইংলিস

আইপিএল
জস ইংলিস, ফাইল ফটো
জস ইংলিস, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আট কোটি ৬০ লাখ রুপিতে দলে ভেড়ানো জশ ইংলিসকে পরের ম্যাচেই পাওয়ার সম্ভাবনা জোরালো। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দিয়েছেন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ব্যক্তিগত কারণে দল ছেড়েছেন লক্ষ্ণৌর সাউথ আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ব্রিজকে। ফলে দলে একটি গুরুত্বপূর্ণ জায়গা ফাঁকা হয়েছে।

গত ১৮ এপ্রিল বিয়ের আসরে বসেন ইংলিস। এ কারণে আসরের শুরুতে তাকে পাওয়া যাবে না বলে আগেই জানিয়েছিলেন তিনি। এরপরও নিলামে তাকে দলে নিতে বেশ প্রতিযোগিতা হয়, যেখানে শেষ পর্যন্ত সফল হয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

গত আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন ইংলিস। তবে সেবার খুব একটা ভালো করতে পারেননি তিনি; একটি অর্ধশতকসহ ২৭৮ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার।

দলের সঙ্গে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছেন ইংলিস। ওয়াংখেড়ে মাঠে সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ খেলবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দলে বিদেশি খেলোয়াড়দের সাম্প্রতিক ফর্মহীনতায় একাদশে সুযোগ পেতে পারেন তিনি।

এদিকে ব্রিজকে এরই মধ্যে সাউথ আফ্রিকায় ফিরে গেছেন। পরিবারের এক নিকটাত্মীয়ের মৃত্যুর কারণে তিনি দেশে ফেরেন। চলতি আসরে তিনি আবার দলে ফিরবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এখন পর্যন্ত আট ম্যাচে মাত্র দুটি জয় পাওয়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পয়েন্ট তালিকার তলানিতেই রয়েছে।

আরো পড়ুন: