পিএসএল শেষ ইমনের

পিএসএল
লাহোর কালান্দার্স
লাহোর কালান্দার্স
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কাঁধের চোটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন। গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আসিফ আলীর সঙ্গে মাঠেই সংঘর্ষ হয় ইমনের। এরপর কাঁধে আঘাত পান তিনি।

এরপর বাধ্য হয়েই মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। দ্রুতই তার এমআরআই স্ক্যান করানো হয়। রিপোর্টে জানা যায় লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। ইমনের পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স বিষয়টি নিশ্চিত করেছে। তাকে আগামী কয়েক সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসনের পরামর্শ দেয়া হয়েছে দলের মেডিক্যাল বিভাগের পক্ষ থেকে।

চিকিৎসকদের পরামর্শ ও সতর্কতার অংশ হিসেবে ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলেননি ইমন। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল তাকে। এবার তাকে ছাড়াই পিএসএলের বাকি অংশে খেলতে হবে লাহোরকে। এদিকে দ্রুতই তার বদলি ঘোষণা করা হবে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

পিএসএল থেকে ছিটকে যাওয়ার পর ইমন নিজের ফেসবুক পোস্ট লিখেছেন, ‘প্রিয় কালান্দার্স সমর্থক, চোটের কারণে আমার পিএসএল শেষ হয়ে যাওয়ায় আমি সত্যিই বিধ্বস্ত। সুযোগটির জন্য আমি রোমাঞ্চিত ছিলাম এবং মনে হচ্ছিল আমি মাত্রই ছন্দে ফিরছিলাম। কিন্তু আল্লাহ সবচেয়ে ভালো জানেন এবং তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী।’

তিনি আরও যোগ করেন, ‘এটা ছিল আমার প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি এবং কালান্দার্সের ভ্রাতৃত্বমূলক অভিজ্ঞতার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমাকে বিশ্বাস ও সমর্থন করার জন্য ধন্যবাদ। চলতি মৌসুমে আপনাদের সঙ্গে পথচলা চালিয়ে যেতে না পারায় আমি দুঃখিত। ইনশাআল্লাহ, দ্রুতই দেখা হবে। দিল সে কালান্দার্স।’

পিএসএলের এবারের আসরে মাত্র তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন ইমন। শুরুর দিকের দুটি ম্যাচেই মিডল অর্ডারে খেলতে হয়েছিল তাকে। তবে তৃতীয় ম্যাচে ফখর জামানের অনুপস্থিতিতে ওপেনিংয়ে খেলার সুযোগ পান ইমন। সেই ম্যাচেই ঝলক দেখান বাংলাদেশের এই ওপেনার।

লাহোরের হয়ে তিনটি ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন ইমন, এর মধ্যে মুলতান সুলতান্সের বিপক্ষে ৪৫ রানের সাবলীল একটি ইনিংস রয়েছে। এরই মধ্যে পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নেমেছে লাহোর। এই ম্যাচ শেষেই দেশের উদ্দেশ্যে রওনা দেবেন ইমন।

আরো পড়ুন: