চেন্নাইয়ের হয়ে চারটি আইপিএল শিরোপা জেতা জাদেজাকে এবারের আসরের নিলামের আগেই রাজস্থানে ট্রেড সিস্টেমে পাঠিয়ে দেয় দলটি। সঙ্গে স্যাম কারানকেও রাজস্থানে ট্রেড করে চেন্নাই। বিনিময়ে সাঞ্জু স্যামসনকে দলে ভেড়ায় তারা। মৌসুমের প্রথম ম্যাচে রাজস্থানের আস্থার প্রতিদানও দেন জাদেজা। তিন ওভারে মাত্র ১৮ দিয়ে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে রাজস্থানের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
একই ওভারে সরফরাজ খান ও দুবেকে সাজঘরে ফেরান জাদেজা। ওভারে শুরুতে দুবের কাছে ছক্কা হজমের দুই বল পরই তাকে লং অফ অঞ্চলে রবি বিষ্ণইর ক্যাচে পরিণত করেন এই বাঁহাতি। দুবেকে আউট করার পরই নিজের স্বভাবসুলভ দুই হাত উচিয়ে উদযাপন না করে দুবের দিকে বন্দুক তাক করার ভঙ্গি করতে দেখা যায় জাদেজাকে। নিজের পুরোনো দলের বিপক্ষে জাদেজার এমন উদযাপন নিয়ে কৌতুহল সৃষ্টি হয় সবার মাঝে।
যদিও ম্যাচ শেষে জাদেজা ব্যাখ্যা করেছেন তার এই উদযাপনের কারণ। চেন্নাইয়ে তার দীর্ঘদিনের সতীর্থ দুবেকে পরিকল্পনা মাফিক আউট করতে পারায় ওমন উদযাপন করেছেন বলে জানান তিনি। দীর্ঘদিন চেন্নাই ও ভারত জাতীয় দলে একসাথে দুবের সাথে খেলায় তাকে পরিকল্পনা মাফিক আউট করতে পেরেছেন বলেও উল্লেখ করেন এই অলরাউন্ডার।
ম্যাচ শেষে জাদেজা বলেন, 'আমি তাকে অনেক দিন ধরেই চিনি। নেটে আমি নিয়মিত তাকে বল করেছি। আমি জানি সে কীভাবে চিন্তা করে এবং কী করতে চায়। আমি সেভাবেই প্রস্তুত ছিলাম এবং অফ স্টাম্পের বাইরে বল করার চেষ্টা করেছি, কারণ আমি জানতাম সে আমার বিরুদ্ধে বড় শট খেলতে চাইবে।'
জাদেজাদের দারুণ বোলিংয়ে মাত্র ১২৭ রানেই চেন্নাইকে বেধে ফেলে রাজস্থান। পরে মাত্র ১২.১ ওভারে চার উইকেট হারিয়ে সেই রান টপকে মৌসুমের প্রথম জয় তুলে নেয় তারা।