টানা ১৩ মৌসুমে প্রথম ম্যাচে হার, এবার ঘুরে দাঁড়াতে চায় মুম্বাই

আইপিএল
মুম্বাই ইন্ডিয়ান্স, ফাইল ফটো
মুম্বাই ইন্ডিয়ান্স, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথম ম্যাচ জয়ের অপেক্ষা যেন শেষই হচ্ছে না মুম্বাই ইন্ডিয়ানসের। ২০১২ সালের পর টানা ১৩ মৌসুম প্রতিযোগিতার প্রথম ম্যাচে জয় পায়নি দলটি। নতুন মৌসুম শুরু হতেই তাই আবারও সামনে এসেছে পুরোনো সেই প্রশ্ন, এবার কি বদলাবে ভাগ্য?

আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে মুম্বাই। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘদিনের এই ব্যর্থতার ধারা ভাঙার সুযোগ থাকলেও পরিসংখ্যান বলছে, প্রথম ম্যাচ নিয়ে দুশ্চিন্তা কাটেনি এখনও।

দলের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে এই প্রসঙ্গে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তিনি বলেন, 'এটা একটা বড় সমস্যা। কিন্তু আমাদের পক্ষে ভিন্নভাবে প্রস্তুতি নেওয়ার কোনো উপায় নেই। প্রথম ম্যাচেও জয়ের তাড়না বাড়ানোর বিষয়ে আমি ছেলেদের সঙ্গে কথা বলেছি। আমাদের শুধু এটাই করার আছে।'

প্রস্তুতির দিক থেকে বিশেষ কোনো পরিবর্তনের সুযোগ দেখছেন না জয়াবর্ধনে, 'আমি খেলোয়াড়দের আরও ভালো করার মানসিকতা ধরে রেখে খেলার কথা বলেছি। আমরা প্রতিটি ম্যাচের জন্যই প্রায় একইভাবে প্রস্তুতি নিই। তাই আলাদা করে কী করা যেত, তা বলা কঠিন।'

তবে এই ধারা ভাঙার আশাও ছাড়ছেন না মুম্বাই কোচ। তিনি বলেন, 'আমরা আশা করছি, এবার এই বাধা কাটিয়ে উঠতে পারব। দল হিসেবে আমাদের আত্মবিশ্বাস আছে এবং সেই বিশ্বাস নিয়েই মাঠে নামব।'

আজকের ম্যাচটি হবে মুম্বাইয়ের ঘরের মাঠে। এই মাঠে কলকাতার বিপক্ষে পরিসংখ্যান বেশ অনুকূলে রয়েছে মুম্বাইয়ের। অতীতে এখানে মুখোমুখি হয়ে বেশির ভাগ ম্যাচেই জয় পেয়েছে তারা, যা দলকে কিছুটা আত্মবিশ্বাস জোগাতে পারে।

তবে সাম্প্রতিক সময়ে শিরোপা খরাতেও ভুগছে মুম্বাই। সর্বশেষ তারা শিরোপা জিতেছে ২০২০ সালে। এরপর থেকে আগের মতো ধারাবাহিকতা দেখা যাচ্ছে না। এ নিয়ে জয়াবর্ধনে বলেন, 'আমরা প্রতি বছরই শিরোপা জিততে চাই। কত দিন জিতিনি, সেটা বড় বিষয় নয়। আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলে আবারও শিরোপা জেতা।'

আরো পড়ুন: